নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা সেতুতে ওজন স্কেল উদ্বোধনে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গী হলেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ দাবিতে সোচ্চার সৈয়দ আবুল মকসুদ।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এই সেতুর ওজন স্কেল উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক উন্নয়নের বিভিন্ন উদ্যোগের ফিরিস্তি দিয়ে মন্ত্রী বলেন, “মাত্র এক দেড় মাসেই যে পরিবর্তনের শুভ সূচনা হয়েছে, এতেই প্রমাণিত হয় আমরা পারব। সঠিক উদ্যোগ, আন্তরিকতা ও সৎ ইচ্ছা থাকলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারব। এটি তার প্রতীকী দৃষ্টান্ত। ”
মন্ত্রীর সঙ্গে থাকা সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, “আমরা চেয়েছি যোগাযোগের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থার পরিবর্তন। সে পরিবর্তনের একটি চেষ্টা হচ্ছে।”
গত ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওরের জোকায় এক সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান আশফাক মুনীরসহ পাঁচজন নিহত হন। তারেক ও মুনীরসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের দাবিতে ঈদের দিন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন আবুল মকসুদ।
ভাঙা সড়ক, দুর্ঘটনায় প্রাণহানিসহ যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচিত হন আবুল হোসেন। তার বিরুদ্ধে আন্দোলন করে ব্যাপক আলোচিত হন মকসুদ।
এরপর গত মাসে যোগাযোগমন্ত্রীর দায়িত্ব থেকে আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয়। নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাদের।
ওবায়দুল কাদের মঙ্গলবার মেঘনা সেতুতে স্পিড কন্ট্রোল ও অ্যালকোহল ডিকেশন যন্ত্র এবং বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও চালকদের লাইসেন্স পরীক্ষা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৪১ ঘ.
bdnews24