২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ কমিটির গেজেট প্রকাশ

নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সভাপতি করে চার সদস্যের অনুসন্ধান কমিটি গঠনের গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 02:25 PM

Updated : 25 Apr 2022, 08:58 PM

রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের প্রেক্ষিতে ২১ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী মঙ্গলবার অনুসন্ধান কমিটি গঠন করা হয় বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. নূরুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আহমেদ আতাউল হাকিম ও সরকারি কর্মকমিশন চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী।

কমিটির কাজে মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলে অনুসন্ধান কমিটির কার্যপরিধি ও কর্মপদ্ধতিতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, কমপক্ষে দুই সদস্যের উপস্থিতিতে কমিটির কোরাম গঠিত হবে। সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দু’ব্যক্তির নাম সুপারিশ করা হবে।

সিদ্ধান্তের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের নির্ণায়ক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে। কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের মাঝামাঝি। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নতুন নির্বাচন কমিশন গঠনে নামের সুপারিশ তৈরি করতে রোববার চার সদস্যের সার্চ কমিটি গঠন করেন। নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পর এ উদ্যোগ নেন রাষ্ট্রপতি।

সংলাপে অধিকাংশ দলই সার্চ কমিটি গঠনের পরামর্শ দিয়েছিল।