২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি ডলার আয়ের পথ দেখালেন হাছান মাহমুদ

বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বছরে ১ কোটি ২০ লাখ ডলার আয়ের একটি পথ দেখিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। কার্বন বাণিজ্যের মাধ্যমে এই আয় সম্ভব বলে মনে করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বছরে ১ কোটি ২০ লাখ ডলার আয়ের একটি পথ দেখিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। কার্বন বাণিজ্যের মাধ্যমে এই আয় সম্ভব বলে মনে করছেন তিনি। মঙ্গলবার শহরাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি প্রকল্পের সমঝোতা স্মারক অনুষ্ঠানে জানানো হয়, দেশের ২৮৮টি শহরে বর্তমানে প্রতিদিন ৪৮ লাখ ৮০ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। এর ৭৮ শতাংশই জৈব বর্জ্য, যা থেকে প্রতি বছর ২ লাখ ৯ হাজার মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইউএনএফসিসিসির অনুমোদিত পদ্ধতিতে জৈব বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে বছরে এ পরিমাণ কার্বন নিঃসরণ কমানো যায়। “কার্বন নিঃসরণ কমিয়ে বাংলাদেশ বিশ্ববাজারে ছয় মার্কিন ডলার হারে কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১২ মিলিয়ন ডলার আয় করতে পারে,” বলেন তিনি। তার কার্বন ক্রেডিট হল একটি পদ্ধতি, যা এক মেট্রিক টন কার্বন দূষণ বোঝায়। অর্থাৎ ১ কার্বন ক্রেডিট সমান এক মেট্রিক টন কার্বন দূষণ। কিয়োটো প্রটোকল অনুযায়ী, বিশ্বের প্রতিটি দেশকে তার জনসংখ্যার অনুপাতে কার্বন নির্গমনের সুযোগ দেওয়া হয়। কোনো দেশ তার পাওয়া সুযোগের চেয়ে কম কার্বন নিঃসরণ করলে কার্বন ক্রেডিট সেই দেশ বিক্রি করতে পারে। ‘ক্লিন ডেভেলপমেন্ট মেকানিকজম (সিডিএম)’ নামে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং শহরাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো। ডেনমার্কের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করবে। স্মারকে সই করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম এবং ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত ভেন্ড ওলিং। প্রকল্প ধারণাপত্র তৈরী ও বাস্তবায়নে ডেনমার্ক বাংলাদেশকে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেবে। বিনিময়ে এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ যে পরিমাণ কার্বন ক্রেডিট বিক্রির যোগ্যতা অর্জন করবে, আন্তর্জাতিক বাজার দরে তা কেনার ক্ষেত্রে ডেনিশ সরকার অগ্রাধিকার পাবে। ডেনমার্ক না কিনলে এ কার্বন ক্রেডিট অন্য দেশের কাছে বিক্রি করা যাবে। হাছান মাহমুদ বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনগুলোর দায়িত্ব। সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দেশে উৎপাদিত বর্জ্যরে মধ্যে ৫০ শতাংশ ব্যবস্থাপনা করেন। বাকি ৫০ শতাংশ অব্যবস্থাপনায় থেকে যায়, যা কার্বন নিঃসরণ করে আমাদের ক্ষতি করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনও করা যায় বলে জানান তিনি। ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বর্জ্য বর্তমানে সম্পদ এবং শক্তির আধার। এর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পৃথিবীকে কিছুটা হলেও সম্পদশালী করা যায়। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর, ময়মনসিংহ ও কক্সবাজার পৌরসভায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। ২০১০ সালের এপ্রিল থেকে কার্যক্রম শুরু করে চলতি বছরের মধ্যে ক্ষুদ্র আকারে এ প্রকল্পটি বাস্তবায়ন হবে। পরবর্তীতে আগামী আট বছরে দেশের ৬৪ জেলায় এ প্রকল্প বাস্তবায়ন হবে। প্রকল্প বাস্তবায়নে জলবায়ু পরিবর্তন তহবিল থেকে ১৩ কোটি ৯১ লাখ টাকা দেওয়া হয়েছে। এ থেকে কম্পোস্ট প্ল্যান্ট তৈরি, পরিবহন ভ্যান কেনা এবং বর্জ্য পরিবহন ব্যয় মেটানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরআরডি/এমআই/২০১৪ ঘ.