২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দুই আসামির জামিন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আসামি দুই জন জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আসামি দুই জন জামিন পেয়েছেন। তারা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর এপিএস জিয়াউল ইসলাম (মুন্না) এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান। মঙ্গলবার তারা ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জহুরুল হক ১৪ ফেব্র“য়ারি পর্যন্ত তাদের জামিন দেন। ওই দিন মামলাটির অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ আইনজীবী মোশারফ হোসেন কাজল, প্রতিষ্ঠানটি এই মামলার বাদি। মামলার নথিপত্রে দেখা যায়, জিয়াউল ও মনিরুল গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন এবং ১৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিননামা দাখিল করেছিলেন। কিন্তু হাইকোর্টের দেওয়া ৬ সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার তারা নতুন করে জামিন চান। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। মামলার বাকি আসামি হারিছ পুলিশের খাতায় পলাতক। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এনে গত বছরের ৮ অগাস্ট তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। গত ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/১৯১২ ঘ.