২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজৈরের দুই মন্দির দখলমুক্তির নির্দেশ

রাজৈর উপজেলার দুটি মন্দির দখলমুক্ত করে হিন্দুদের বাধাহীনভাবে ধর্মীয় অনুষ্ঠান চালানোর সুযোগ করে দিতে মাদারীপুর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোেেয়ন্টিফোর ডটকম)- রাজৈর উপজেলার দুটি মন্দির দখলমুক্ত করে হিন্দুদের বাধাহীনভাবে ধর্মীয় অনুষ্ঠান চালানোর সুযোগ করে দিতে মাদারীপুর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই দুই মন্দিরের ‘দখলকারী’ মঙ্গলবার আদালত হাজির হওয়ার পর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। পলিতা গ্রামের কালি মন্দির ও গোপাল মন্দির নামে ওই দুই মন্দিরের অংশ বিশেষ ওই এলাকার নির্মল হালদার দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৪ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে ‘মাদারীপুরে মন্দিরের নামে সরকারি জমি লিজ দেওয়ার দাবি’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে এলে আদালত ১৭ জানুয়ারি স্বতঃপ্রণোদিত রুল জারি করে। একই সঙ্গে ‘দখলকারী’ নির্মল হালদারকে হাজির হতে নির্দেশ দেয়। এছাড়া মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’র পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানিতে অংশ নেন। ওই এলাকার বাসিন্দা পুলিন বৈদ্যের হয়ে সংগঠনটি এই মামলায় পক্ষভুক্ত হয়েছে। আদেশে মন্দির এলাকায় নির্মল হালদারের নির্মিত সব স্থাপনা সরাতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। এই বিষয়ে জেলা প্রশাসনের যে তদন্ত চলছে, তাতে দোষী প্রমাণিত হলে নির্মলের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ১২ ফেব্র“য়ারির মধ্যে একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। দৈনিক জনকণ্ঠের ওই প্রতিবেদেনে বলা হয়, ১৯৮০ সালে অর্পিত সম্পত্তি হিসেবে মন্দিরের জায়গার একটি অংশ ইজারা নেন নির্মল হালদার। এরপর মন্দির ভবনের ইট-কাঠ-লোহা এবং ওই সম্পত্তির মধ্যে থাকা কিছু গাছ কেটে নিয়ে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮৩৬ ঘ.