সাভার, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে হলমার্ক গ্রুপের পোশাক কারখানার সামনের সরকারি জমিতে নির্মিত একটি গেইট ভাঙা নিয়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ম্যাজিস্ট্রেটসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টায় হলমার্ক গ্র“পের কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখসহ এক হাজার শ্রমিককে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন সর্দার।
মামলার বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলমার্ক গ্র“প একটি সরকারি জমির উপর গেইট নির্মাণ করে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে। একাধিকবার নোটিশ দেওয়ার পরও হলমার্ক কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।
সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে গেইটটি ভাংতে গেলে হলমার্ক গ্র“পের উপ-মহাব্যবস্থাপক শামীম আহম্মেদ, শাহীন ও সিকিউরিটি ইনচার্জের নির্দেশে ৯০০/১০০০ শ্রমিক হামলা চালায়।
হামলায় ম্যাজিস্ট্রেট, কানুনগো এবং পুলিশের এক এসআইসহ সাত সদস্য আহত হন।
ওসি আসাদুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে ভূমি কার্যালয়ের কর্মকতারা হেমায়েতপুরে হলমার্কের গেইট ভাঙতে গেলে সংঘর্ষ ঘটে।
এ সময় বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ার কথা জানিয়েছে। তবে সবুজ নামের এক গুলিবিদ্ধ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।
আহতদের মধ্যে বাকিদের কারখানার নিজস্ব চিকিৎসাকেন্দ্র, সাভার স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় জামাল ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) মনিরুজ্জামান বকাউল, কানুনগো আব্দুল বাতেন, সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল মোল্লা, শিল্প পুলিশের কনস্টেবল ইসহাক ও মোক্তার, হলমার্ক গ্র“পের সহকারী উৎপাদন ব্যবস্থাপক উজ্জ্বল মিয়াও রয়েছেন আহতদের মধ্যে।
হলমার্কের এই কারখানায় অন্তত পনের হাজার শ্রমিক কাজ করে বলে কর্তৃপক্ষ জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ভূমি অফিসের লোকজন সরকারি জমির ওপর নির্মিত গেইটটি ভাঙতে গেলে প্রথমে কারখানার আনসার সদস্যদের সঙ্গে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে কারখানা থেকে কয়েকশ শ্রমিক বেরিয়ে এসে পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে ধাওয়া করে।
এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে ম্যাজিস্ট্রেটকে নিয়ে তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজে গিয়ে আশ্রয় নেয়। পরে আরো পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
সংঘর্ষ চলাকালে শ্রমিকরা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং ৬-৭টি গাড়ি ভাংচুর করে। ১১টার দিকে পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি জমিতে গেইট নির্মাণ করায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। সেটা ভাংতে গেলে হলমার্কের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।”
ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আত্মরক্ষার জন্য পুলিশ ম্যাজিস্ট্রেটের নির্দেশে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে হলমার্ক গ্র“পের উপ-মহাব্যবস্থাপক শামীম আহম্মেদের দাবি, গেইটি ভাঙার শব্দ পেয়ে শ্রমিকরা বেরিয়ে আসলে পুলিশ তাদের ওপর আক্রমণ করে।
পুলিশের গুলিতে সবুজ নামে এক শ্রমিক আহত হয়েছেন দাবি করে শামীম বলেন, “সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
এ ঘটনায় মামলা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
শিল্প পুলিশের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের হামলায় তাদের কয়েকজন কনস্টেবল আহত হয়েছেন।
ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ওসি আসাদুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/ডিডি/০০০০ ঘ.
bdnews24