চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে চট্টগ্রামে একটি সোয়েটার কারখানার ১১ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে নয়জনই নারী শ্রমিক।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালা পাড়া এলাকার জি আর অ্যাপারেলস নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানার পাশে ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে দোতলায় ঝুট কাপড়ে ছড়িয়ে পড়ে। এসময় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১১ শ্রমিক পদদলিত হয়ে আহত হয়।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন-হালিমা (২১), তাসলিমা (২৮), আঁখি (২৩), নাছরিন (১৯), মনজু (৩৫), রাবেয়া (১৯), মোমেনা (২১), অনু (২২), শহরবানু (৩৫), শিরিন (২০) ও দেলোয়ার (২৫)।
ঘটনার সময় কারখানায় প্রায় সাড়ে তিনশ শ্রমিক কাজ করছিল।
দমকল বাহিনীর তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএ/১৮২৬ ঘ.
bdnews24