২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপির সাবেক নারী সদস্যের যাবজ্জীবন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন মোল্লা হত্যা মামলায় সাবেক এক নারী সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

বরিশাল, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দিন মোল্লা হত্যা মামলায় সাবেক এক নারী সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বরিশাল বিভাগীয় জজ আদালতের বিচারক মো. শরিফউদ্দিন আজাদ এ আদেশ দেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত রেখা রানী হালদার পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এসএম আফজাল হোসেন সিকদারকে খালাস দেওয়া হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, উপজেলার বড় বাসাইল গ্রামের বাসিন্দা রাজিহার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তৎকালীন সদস্য আলাউদ্দিন মোল্লা ২০০৩ সালের ২২ জুন অপহরণ হন। ৩০ জুন পয়সার হাট কদমবাড়ীর সামনের খাল থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই বছরের ১ জুলাই আলাউদ্দিনের স্ত্রী রাশিদা বেগম হত্যা শেষে লাশ গুম করার অভিযোগে ওই ওয়ার্ডের নারী সদস্য রেখা রানী হালদারসহ সাত জনের বিরুদ্ধে একটি মামলা করেন। ২০০৮ সালের ৩ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা শাখার (সিআইডির) উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৪৬ ঘ.