নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ভুলতা গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা ও স্বর্ণব্যবসায়ী অজিত ঘোষের বাড়ি থেকে ডাকাতরা মঙ্গলবার ভোররাতে ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।
অজিত ঘোষ সাংবাদিকদের জানান, ভোর সাড়ে ৩টার দিকে ১৫-২০ জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে ৩০ ভরি স্বর্ণ, ৩০ হাজার টাকা, দুটি মোবাইল সেট লুটে নেয়।
তিনি বলেন, “দক্ষিণপাড়া গ্রামে আমার জুয়েলার্স। প্রতিরাতে দোকানের স্বর্ণ বাড়ি এনে রাখতাম।”
ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫৮ ঘ.
bdnews24