চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও তৎকালীন পুলিশ কমিশনার সাব্বির আলীর নিদের্শনায় ঘটনাস্থল থেকে আটক পাঁচ ব্যক্তিকে ছেড়ে দেন সে সময়ের উপ-কমিশনার (ডিসি) আবদুল্লাহ হেল বাকী।’
মঙ্গলবার ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এ কথা বলেন তৃতীয় সাক্ষী মাহমুদুর রহমান।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুন্যাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দিচ্ছিলেন তিনি।
দুপুর পৌনে ১টা থেকে দুই ঘণ্টার বিরতি দিয়ে বিকাল পৌনে ৫টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। বিচারক বুধবার সকালে পুনরায় সাক্ষ্য গ্রহণের সময় নির্ধারণ করেন।
এর আগে সকালে আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলায় তৎকালীন সহকারী পুলিশ কমিশনার (এসি) মাহমুদুর রহমানকে জেরা করেন আসামি পক্ষের দুই আইনজীবী।
তবে গত বছরের ২৯ নভেম্বর অস্ত্র মামলায় সাক্ষ্য দিতে গিয়ে মাহমুদুর বলেছিলেন, “ডিসি বাকীর নির্দেশেই সিইউএফএল জেটি ঘাট এলাকায় অস্ত্র গোলাবারুদ উদ্ধারের পর আটক পাঁচ ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছিল।”
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় মুলতবির পর আবার আদালতের কার্যক্রম শুরু হলে চোরাচালান মামলায় মাহমুদুরের সাক্ষ্য নেওয়া হয়।
তিনি বলেন, “এ ঘটনায় করা মামলার তদন্তের সময় চোরাচালানি হাফিজুর রহমান ও দ্বীন মোহাম্মদের নাম আসে। ২০০৪ সালের এপ্রিলের শেষ দিকে সোর্সের মাধ্যমে জানতে পারি এনএসআই’র তৎকালীন ফিল্ড অফিসার আকবর হোসেন খান অস্ত্র চোরাচালানের জন্য ট্রাক ভাড়া করেছিলেন।”
সাক্ষ্য প্রদানের শেষ পর্যায়ে তিনি বলেন, “পরবর্তীতে জানতে পারি আটক পাঁচ ব্যক্তিকে পুলিশ কমিশনার সাব্বির আলীর সঙ্গে আলোচনা এবং তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নির্দেশনা মোতাবেক ডিসি (বন্দর) ছেড়ে দেন।”
বাবরের আইনজীবী আবদুস সোবহান তরফদারের জেরার মুখে সাক্ষী মাহমুদুর স্বীকার করেন, ২০০৪, ২০০৯ ও ২০১০ সালে দেওয়া পৃথক জবানবন্দিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম বলেননি তিনি।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। এ ঘটনায় কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করেন।
ঘটনার দিনের বর্ণনা দিয়ে এসি মাহমুদুর বলেন, “ট্রলারে থাকা গোলাবারুদ ডিসির (বন্দর) নির্দেশে কর্ণফূলী থানার ওসি উপস্থিত পুলিশ সদস্যদের সহায়তায় ট্রাকে ওঠান।”
এছাড়া তিনি ২০০৪ সালে অস্ত্র ও গোলাবারুদ আটক ও উদ্ধারের পর তা দামপাড়া পুলিশ লাইনে নিয়ে যাওয়াসহ পরবর্তী ঘটনার বর্ণনা দেন।
চোরাচালান মামলায় সাক্ষ্য প্রদান শেষে আসামি হাফিজুর রহমান, আকবর হোসেন খান, লুৎফুজ্জামান বাবর ও মহসিন উদ্দিন তালুকদারের আইনজীবীরা এসি মাহমুদুর রহমানকে জেরা করেন।
বিকাল পৌনে ৫টায় জেরা শেষ হয়। এরপর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা নিয়ে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পক্ষ-বিপক্ষে মত দেন।
আসামি পক্ষের আইনজীবীরা বুধবারের পরিবর্তে পরবর্তী সপ্তাহে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করতে বললেও তা গৃহীত হয়নি।
এ পর্যন্ত দুটি মামলায় তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০৫৩ ঘ.
bdnews24