২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিযবুত সদস্য’ চিকিৎসক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য এক চিকিৎসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 04:18 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য এক চিকিৎসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তার গোলাম হায়দার রসুল রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক। তিনি হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক এম সোহায়েল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে গোলাম হায়দারের বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে বিভিন্ন ধরনের জঙ্গি বই ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। গোলাম হায়দার দলের কোন পর্যায়ে আছেন জানতে চাইলে সোহায়েল বলেন, “এটা জানতে একটু সময় লাগবে। ওই হাসপাতালে তার মতো আরো কেউ আছেন কি না- তা তদন্ত করে দেখা হচ্ছে।” গ্রেপ্তার হওয়ার পরপরই গোলাম হায়দার সাংবাদিকদের বলেন, “আমি কোনো ভুল রাস্তায় নেই। যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছেন তাদের সাথে আছি। তবে অস্ত্র হাতে এ পথে থাকা আমি পছন্দ করি না।” গত ১৯ জানুয়ারি সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে জানায়, কিছু ধর্মান্ধ সেনা সদস্যের সরকার উৎখাতচেষ্টা তারা নস্যাৎ করে দিয়েছে। ওই ব্যর্থ অভ্যুত্থানের কথিত পরিকল্পনাকারী মেজর সৈয়দ মো. জিয়াউল হক হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত বলেও সেনা কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১০০৪ ঘ.