২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাপোশাকের আদলে ট্রাউজার, গ্রেপ্তার এক

সেনাসদস্যদের পোশাক তৈরিতে ব্যবহৃত কাপড় দিয়ে ট্রাউজার তৈরি করতে দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাসদস্যদের পোশাক তৈরিতে ব্যবহৃত কাপড় দিয়ে ট্রাউজার তৈরি করতে দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শেখ মোহাম্মদ ফজলে আরিফ (৪২) নামের ওই ব্যক্তিকে মোহাম্মদপুর থানার পুলিশ সোমবার রাত সাড়ে ১০টার দিকে আটক করে। তার বাসা মোহাম্মদপুরের তাজমহল সড়কে। তিনি সাত মসজিদ মার্কেটের একটি টেইলরের দোকানে ট্রাউজারটি তৈরি করতে দিয়েছিলেন। আটক আরিফ পুলিশকে বলেন, কাপড়টি ১০ বছর আগে তার এক বন্ধুর ছোট ভাই উপহার দিয়েছিলন। তবে পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার মো. ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেনাবাহিনীতে কর্মরত মেজর পদমর্যাদার ওই ব্যক্তিকে কাপড় উপহার দেওয়ার বিষয়টি জিজ্ঞ্যেস করা হলে তিনি বিষয়টি তার মনে নেই বলে জানিয়ে বলেছেন তিনি (ফজলে আরিফ) তার কাছে কাপড় চেয়েছিলেন।” ওই মেজর পদমর্যাদার কর্মকর্তা ফজলে আরিফের বন্ধ অপুর ছোট ভাই। টেইলরের মালিক মো. জীবন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৭ জানুয়ারি সাড়ে তিন গজ কাপড় দিয়ে তাকে দুইটি ট্রাউজার বানাতে বলেছিলেন। সোমবার সরবরাহের সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। উপ-কমিশনার বলেন, তাকে পুলিশ হেফাজতে নেওয়ার পরপরই তার বাসায় তল্লাশি চালানো হয়। তবে তেমন কিছুই পাওয়া যায়নি। আরিফ নিজেকে অস্ট্রেলিয়াপ্রবাসী উল্লেখ করে বলেন, গত অক্টোবরে তিনি স্ত্রী-সন্তানসহ দেশে আসেন। এরপর তিনি হজে যান। আগামী ১৫ ফেব্র“য়ারি স্ত্রী-সন্তানসহ তার ফিরে যাওয়ার কথা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অস্ট্রেলিয়া ছাড়াও বিভিন্ন দেশ ঘুরেছেন বলে আরিফ পুলিশকে বলেন। এরপর পুলিশ তার এবং তার স্ত্রী-সন্তানদের পাসপোর্ট জব্দ করে। উপ-কমিশনার জানান, পাসপোর্টগুলো এবং তার দেওয়া তথ্যসহ বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করতে তাকে মঙ্গলবার আদালতে পাঠিয়ে পুলিশ হেফাজতে (রিমাণ্ডে) নেওয়া হবে। গত ১৯ জানুয়ারি সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, বাহিনীর কিছু ধর্মান্ধ সদস্যের সরকার উৎখাতচেষ্টা তারা নস্যাৎ করেন গত ডিসেম্বর মাসে। ওই ব্যর্থ অভ্যুত্থানচেষ্টায় প্রবাসী বাংলাদেশি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জড়িত বলেও উল্লেখ করে সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০০৫৬ ঘ.