২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘাট ও গুদাম শ্রমিকদের লাগাতার কর্মবিরতি

মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছে চট্টগ্রামের ঘাট ও গুদাম শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছে চট্টগ্রামের ঘাট ও গুদাম শ্রমিকরা। সোমবার বিকেলে নগরীর বাংলাবাজার ঘাটে তিন ঘণ্টা কর্মবিরতি ও শ্রমিক সমাবেশ শেষে এ ঘোষণা দেন চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা। আন্দোলনের অংশ হিসেবে কর্ণফুলী নদীতীর সংলগ্ন রশিদ বিল্ডিং থেকে সদরঘাট পর্যন্ত মোট ষোলটি ঘাটে ঘাট ও গুদাম শ্রমিকরা মালামাল বহন করা থেকে বিরত থাকবে। পরিষদের আহবায়ক আলমগীর শরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যতদিন নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে না ততদিন পর্যন্ত চট্টগ্রামের প্রায় তিন হাজার ঘাট ও গুদামে লাইটারেজ জাহাজ থেকে সব ধরনের মালামাল লোডিং-আনলোডিং বন্ধ থাকবে। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়তে থাকলেও ২০০৫ সালে মজুরি কাঠামো নির্ধারণের পর শ্রমিকদের বেতন আর বাড়েনি। শ্রমিকদের অন্যান্য উল্লেখযোগ্য দাবিগুলো হলো- ১৬টি ঘাটের পন্টুন ও সিঁড়ি চলাচলের উপযোগী ও নিরাপদ করা, প্রতি ঘাটে গুদাম মালিকদের উদ্যোগে আলাদা আবাসন ব্যবস্থা করা, দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসার ব্যায়ভার প্রদান ও শ্রমআইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/২০৩২ ঘ.