২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই ওসির বিরুদ্ধে কাদেরের মামলা

পুলিশের করা গাড়ি ছিনতাই মামলা থেকে অব্যাহতি পাওয়ার দিনই নির্যাতনকারী সেই ওসির বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের করা গাড়ি ছিনতাই মামলা থেকে অব্যাহতি পাওয়ার দিনই নির্যাতনকারী সেই ওসির বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের। রাজধানীর খিলগাঁও থানার সাবেক ওসি হেলাল উদ্দিনের বিরুদ্ধে ওই থানায়ই সোমবার নির্যাতনের অভিযোগে এ মামলা করা হয়। তাকে নির্যাতনের ঘটনায় ইতোমধ্যেই চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন হেলাল উদ্দিন। খিলাগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় শুধু সাবেক ওসিকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৫ জুলাই রাত দেড়টার দিকে ইস্কাটনে খালার বাসা থেকে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ফেরার পথে সাদা পোশাকে পুলিশ ধরে নিয়ে কাদেরকে নির্যাতন করে। মামলা করা নিয়ে কাদেরের মা মনোয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাদেরের ওপর যে নির্যাতন হয়েছে তারও বিচার হওয়া দরকার। তাই এ মামলা।” সোমবার গাড়ি ছিনতাই মামলায় অব্যাহতি পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র কাদের। এর আগে অস্ত্র ও ডাকাতিচেষ্টার দুটি মামলায়ও তাকে অব্যাহতি দিতে আদালতে পুলিশ আবেদন করে। গত বছরের ১৫ জুলাই বোনের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের হলে ফেরার পথে পুলিশ কাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ হেফাজতে তার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এরপর মোহাম্মদপুর থানার গাড়ি ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। অস্ত্র ও ডাকাতিচেষ্টার অভিযোগে খিলগাঁও থানায় দুটি মামলাও করে পুলিশ। ভুয়া অভিযোগে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে তার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সমালোচনার মধ্যে পড়ে পুলিশ। উচ্চ আদালতও কাদেরের বিষয় জানতে চায়। এরপর গত বছরের ২৮ জুলাই হাই কোর্ট খিলগাঁও থানার ওসি হেলাল উদ্দিন এবং একজন উপপরিদর্শক এবং সহকারী উপ-পরিদর্শককে সাময়িক বরখাস্তের জন্য পুলিশকে নির্দেশ দেয়। খিলগাঁও থানার দুই মামলায় কয়েকদিন আগে কাদেরকে অব্যাহতি দিতে আদালতে প্রতিবেদন পাঠায় পুলিশ। আগামী ২৬ জানুয়ারি ওই আবেদনের শুনানি হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/১৮৫০ ঘ.