২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিকৃবিতে ছাত্র ধর্মঘট, ক্লাস-পরীক্ষা হয়নি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও সেমিস্টার পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘটের কারণে সোমবার কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

সিলেট, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন ও সেমিস্টার পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘটের কারণে সোমবার কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। দুই দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের এই ছাত্র ধর্মঘটের ডাক দেয় শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের ফল প্রকাশের পর দেখা যায়, ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৮ জন কৃতকার্য হয়েছে। এরপর অকৃতকার্য শিক্ষার্থীরা ফল পুনর্মূল্যায়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করে। ২৪ ঘণ্টার মধ্যে ফল পুনর্মূল্যায়নের দাবিতে শুক্রবার শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়। দাবি পূরণ না হওয়ায় রোববার অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে আন্দোলনরত শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মৌন মিছিল করে। এ সময় ছাত্রলীগ ‘নির্যাতন বিরোধী ছাত্র সমাজ’ ব্যানারে মিছিলে যোগ দেয়। মৌনমিছিল শেষে শিক্ষার্থীরা ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আফরাদুল ইসলাম সমাবেশে বলেন, “ভাংচুরের ঘটনা বিচ্ছিন্ন। ছাত্রলীগ এর সঙ্গে জড়িত নয়।” তবে আন্দোলনে ছাত্রলীগের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি ‘ছাত্রবান্ধব নিয়ম’ এবং ফেল করা শিক্ষার্থীদের ফল পুনর্মূল্যায়নের দাবি জানান । এ আন্দোলন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক জামাল উদ্দিন ভূঁইয়া বলেন, কয়েকজন বিপথগামী ছাত্রের প্ররোচণায় সাধারণ শিক্ষার্থীরা না বুঝে আন্দোলনে নেমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪৭ ঘ.