২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-ধাওয়ি

চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার বেলা ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে সরকারি মহিলা কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আহত একজনকে আটক করেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় অংশ নেওয়া সবাই পার্শ্ববর্তী ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কর্মী বলে পুলিশ জানায়। খুলশী থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে কলেজের জুনিয়র ছেলেদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা শহর এলাকার একটি বাসের কাচও ভাংচুর করে। তবে তারা কোন পক্ষের ছাত্রলীগের কর্মী তিনি তা নিশ্চিত করতে পারেননি। স্থানীয়রা জানান, রোববার রাতে খুলশী থানার বাটা গলির সামনে বসার জায়গা নিয়ে সাবেক কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগনেতা মামুনুর রশীদ মামুন এবং আরেক সাবেক ছাত্রনেতা মশিউর রহমান দিদারের অনুসারীদের মধ্যে মৃদু সংঘর্ষ হয়। খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর জের ধরে সোমবার সকাল থেকেই দুইপক্ষের সমর্থকরা জাকির হোসেন সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। বেলা ৩টার দিকে সড়কের শাহ জালাল বেকারি সামনে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় এক যুবক সামান্য আহত হয় উল্লেখ করে তিনি বলেন, সে কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উল্লেখ করে এসআই শফিক জানান, এসময় জাকির হোসেন সড়কে যানবাহন চলাচলে কোনো বিঘœ হয়নি। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৩৭ ঘ.