হবিগঞ্জ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জ সদর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আউশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে- কালা মিয়া (৫০), খালেক মিয়া (৪৫), উমর আলী (৬৫), ফিরোজ মিয়া (৩০), জুয়েল মিয়া (৩২), নেহার বেগম (৩৫), সেলিম মিয়া (২০), পারুল বেগম (২৬), রফিক মিয়া (১৮), শাহ জুয়েল (১৮), শাহ হাবিব মিয়া (৩২), শাহ মোতালেব মিয়া (২৩), শাহ আতাউর রহমান (৪৫), শাহ তৈয়ব আলী (৩০), সমরাজ বিবি (২৫), শাহ মকসুদ মিয়া (৭০) এবং জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন রাসেলকে (২৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আউশপাড়া গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন রাসেল এবং একই গ্রামের সাবেক ইউপি সদস্য নূর ইসলামের মধ্যে একখণ্ড জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে সকালে দু’পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রায় অর্ধশতাধিক লোক আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৭৩০ ঘ.
bdnews24