২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্নীতি নিয়ে পক্ষে-বিপক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভে ঢাকা-রংপুর মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 10:20 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

রংপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্নীতি নিয়ে পক্ষে-বিপক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভে ঢাকা-রংপুর মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। সোমবার সকালে উপাচার্য ড. আব্দুল জলিল মিয়ার অপসারণ ও তার দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে দুর্নীতি প্রতিরোধ কমিটি। অপরদিকে উপাচার্যের বিরুদ্ধে অপপ্রচার ও ভাবমূর্তি ক্ষুণœ করার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক। অবরোধে তিন ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে সেখানে মানববন্ধন করেন তারা। মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ ও সাদেকুল দাবি করেন, উপাচার্যের বিরুদ্ধে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে অপবাদ রটাচ্ছে। তারা এদের প্রতিহত করার আহ্বান জানান। অন্যদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আফজাল, ওয়ার্কার্স পাটির নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম হাক্কানী, বাসদ নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ। বক্তারা বলেন, উপাচার্য ভর্তি বাণিজ্যসহ নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। দুর্নীতি তদন্তে তাকে অপসারণ করে তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬২১ ঘ.