২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণে অর্থ না দিলে মালিকদের শাস্তি

মালিকদের অর্জিত মুনাফা থেকে পাঁচ শতাংশ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে জমা না দিলে শাস্তির বিধান রেখে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিকদের অর্জিত মুনাফা থেকে পাঁচ শতাংশ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে জমা না দিলে শাস্তির বিধান রেখে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, শাস্তির ধরন ও পরিমাণ কি হবে, তা নির্ধারণ করার জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় সুনির্দিষ্ট শাস্তির বিধানসহ এ ব্যাপারে প্রয়োজনীয় মতামত দিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করবে। সচিব বলেন, অর্জিত মুনাফার একটি অংশ শ্রমিকদের জন্য রাখতে দেশে ইতোমধ্যে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন’ রয়েছে। কিন্তু তহবিলে অর্থ জমা না দিলে শাস্তির বিধান না থাকায় মালিকরা তা বাস্তবায়ন করছেন না। তাই আইনটি সংশোধন করে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। “শাস্তি কি হবে, তা মন্ত্রিসভার বৈঠকে নির্ধারণ করা হয়নি। এটি নির্ধারণ করে মতামতসহ খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করতে আইন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মতামতসহ প্রস্তাব পেলেই আইনটি পাসের জন্য সংসদে পাঠাতে মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দেবে”, বলেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী (অবসর) (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। এ সংশোধনী কার্যকর হলে সরকারি কর্মচারীদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা সংক্রান্ত রাষ্ট্রপতির অধ্যাদেশটি আইনে পরিণত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বৈঠকে এ পর্যন্ত জারি সব অধ্যাদেশকে দ্রুততার সঙ্গে আইনে পরিণত করার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।” মুক্তিযোদ্ধা কোটায় দুই বছরের বর্ধিত মেয়াদে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা অন্যদের মতো আরো দুই বছর বাড়ানো হবে কি না- এ প্রশ্নের জবাবে সচিব বলেন, মন্ত্রিসভায় এমন কোনো বিষয় আলোচনা হয়নি। তুরস্কের সঙ্গে দূতাবাসের জমি বিনিময় সংক্রান্ত প্রটোকল অনুসমর্থনের বিষয়েও অনুমোদন দেওয়া হয় সোমবারের বৈঠকে। এদিন ‘বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়া নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করার কথা থাকলেও শেষ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় তা প্রত্যাহার করে নেয়। আইনটি আরো সংশোধন ও সংযোজন করে পরবর্তীতে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার এ বৈঠকে মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৮৯ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, সর্বশেষ তিন মাসসহ বর্তমান সরকারের গত তিন বছরে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন সোমবারের বৈঠকে উপস্থাপন করা হয়। এ বিষয়ে বিস্তারিত আলোচনাও করেন সদস্যরা। এই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকারের গত তিন বছরে মন্ত্রিসভার ১৩৪টি বৈঠকে মোট ৯০১টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৮০৫টি। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯ দশমিক ৩০ শতাংশ। বাকি সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বৈঠকে নির্দেশনা দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বর্তমান সরকারের মেয়াদে এ পর্যন্ত ৩০টি নীতি কৌশল গ্রহণ, ৭২টি চুক্তি সম্পাদন এবং ১৫৩টি আইন পাস করা হয়েছে। বিগত চার দলীয় সরকারের একই সময়ে নেওয়া সিদ্ধান্ত ও আইন পাসের চিত্র তুলে ধরে সচিব বলেন, “বিগত সরকার একই সময়ে ১৩১টি বৈঠকে মাত্র ৪৮৮টি সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বাস্তবায়ন হয় মাত্র ৩২১টি, যা গৃহিত সিদ্ধান্তের ৭১ শতাংশ। ওই সময়ে ১০টি নীতি কৌশল গ্রহণ, ৩২টি চুক্তি সম্পাদন এবং ১০২টি আইন পাস করে বিগত সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৭০৩ ঘ.