শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসে ঢিল ছুড়েছে শিবিরকর্মীরা। তবে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বড়বাজার এলাকায় একটি এবং বেলা সাড়ে ১২টার দিকে সুবিদবাজার এলাকায় দুটি বাসে শিবিরকর্মীরা ঢিল ছুড়েছে বলে জানান সহায়ক কর্মচারী পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের বাস চালক মো. জিলাল উদ্দিন।
এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি।
রেজিস্ট্রার ইসফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সকালে নির্ধারিত সময় অনুযায়ী ক্যাম্পাস থেকে সব রুটের বাস ছেড়ে যায়। সকাল থেকে পদার্থ, রসায়ন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স, পরিসংখ্যান, সমাজ বিজ্ঞান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, নৃবিজ্ঞান সহ প্রায় সব বিভাগে ক্লাস চলতে দেখা গেছে।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিলো স্বাভাবিক।
ক্লাসের পাশাপাশি বিভিন্ন বিভাগের ল্যাব ও সব ধরনের প্রশাসনিক কাজ চলছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার ইসফাকুল হোসেন।
যুদ্ধাপরাধের অভিযোগে গোলাম আজমকে কারাগারে পাঠানোর খবরে আনন্দ মিছিল বের করলে ১১ জানুয়ারি ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের জের ধরে তিন দফা দাবিতে ১৫ জানুয়ারি ধর্মঘট ডাকে শিবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৩৩০ ঘ.
bdnews24