শেরপুর, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় সীমান্তবর্তী এক গ্রাম থেকে একটি একে-৪৭ রাইফেল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোর ৫টার দিকে রামচন্দ্রকোড়া ইউনিয়নের পানিহাটা গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকায় নিবাস মারাক নামের এক ব্যক্তির বাড়িতে রান্নাঘরের মাটি খুঁড়ে রাইফেলটি পাওয়া যায়।
তিনি বলেন, “গোপান সংবাদের ভিত্তিতে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। একে-৪৭ রাইফেল ও ২০ রাউন্ড গুলি সাদা কাপড়ে মুড়ে পলিথিনে ভরে রান্নাঘরে মাটির নিচে পুতে রাখা হয়েছিল।”
ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, অভিযানের বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক নিবাস মারাক আগেই সরে পড়েন।
দুপুরে শেরপুরে ফিরে এক সংবাদ সম্মেলনে আনিসুর রহমান বলেন, “এই অস্ত্র ও গুলি কারা কি উদ্দেশ্যে কোথা থেকে এনেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় শেরপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম নালিতাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪০৮ ঘ.
bdnews24