ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরকা পরে মেয়েদের স্কুলে ঢুকে তার কথিত প্রেমিকার সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়ার সময় এক কিশোর ধরা পড়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো স্কুলে হৈচৈ পড়ে যায়।
রোববার সকাল পৌনে ৮টার দিকে এই ঘটনার পর ওই কিশোর এবং তার এক বন্ধু ও বন্ধুটির কলেজছাত্রী স্ত্রীকে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্কুলের এক অভিভাবক আতিয়া সুলতানা বলেন, সকাল বেলা তার মেয়েকে স্কুলে দেওয়ার সময় অন্যদের মতো তিনিও লক্ষ্য করেন বোরকা পরা একজন স্কুলের গেটে ঘোরাঘুরি করছে। উপস্থিত অনেক অভিভাবকের মধ্যে তার আচরণে সন্দেহ হলে দারোয়ানকে বলা হয়। পরে তাকে স্কুলের ভেতরে নিয়ে বোরখার মুখের কাপড় খুলে দেখা যায় এক কিশোর।
আরেক অভিভাবক জানান, এ সময় বাইরে রিকশায় এক মহিলাসহ আরেকজন বসা ছিল। তিনি ধরা পড়া ওই কিশোরের সঙ্গে এসেছিলেন যা অনেকেই দেখেছে। এ সময় একজন গিয়ে তাদের জানায় আপনার লোক ধরা পড়েছে। তারা ওই কিশোরের কাছে গেলে তাকেও ধরে ফেলে স্কুল কর্তৃপক্ষ।
কিশোরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে সে প্রায় চার মাস কোচিং করছে। সেখানেই তাদের পরিচয়। কিন্তু গত সাত/আট দিন ধরে ওই ছাত্রী কোচিংয়ে না যাওয়ায় সে তার ভাবীর বোরকা চুরি করে স্কুলে তার সঙ্গে দেখা করতে আসে।
ওই ছাত্রীর সঙ্গে তার দেখা ও কথা হয়েছে দাবি করে কিশোরটি বলে, তারা পরস্পরকে ভালোবাসে।
যে কোচিং সেন্টারে তাদের পরিচয় হয় ওই কোচিং সেন্টারের শিক্ষক মো. শাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই জনই তার কোচিং সেন্টারের শিক্ষার্থী। একটি মাদ্রাসা থেকে কিশোরটি গত বছর কোরআনে হাফেজ হয়। তাদের পরিবার খুব পর্দাশীল। এ বছর যে কোনো স্কুলে নবম শ্রেণীতে ভর্তির জন্য তার বাবার অনুরোধে তাকে কোচিং করানো হচ্ছিল।
কিশোরটির সঙ্গে থাকা কলেজছাত্রীটি জানান, তিনি নিজে ইডেন কলেজে øাতক পর্যায়ের শিক্ষার্থী। তবে তার স্বামী আদাবরের একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্র বলে দাবি করেন তিনি।
তারা প্রেম করে ১৫/১৬ দিন আগে বিয়ে করেন উল্লেখ করে কলেজছাত্রীটি জানান, বোরকা পড়ে যাওয়া কিশোরটি তার স্বামীর বন্ধু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩১২ ঘ.
bdnews24