২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকরিতে কোটা পেল প্রতিবন্ধীরা

প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে এক শতাংশ কোটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে এক শতাংশ কোটা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার জারি করা এক আদেশে এ কথা জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত এ আদেশটি গত ১২ জানুয়ারির তারিখ দিয়ে প্রকাশ করা হয়েছে। স¤প্রতি মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা বরাদ্দ রাখার সিদ্ধান্ত হয়েছিলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, বিসিএস ক্যাডারসহ সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন কর্পোরেশনের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কোটা সংরক্ষণ করা হবে। বিদ্যমান কোটার মধ্যে যে কোটায় পর্যাপ্ত সংখ্যক যোগ্য প্রার্থী পাওয়া যাবে না, তা প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত কোটা থেকে পূরণ করা হবে বলেও আদেশে উল্লেখ রয়েছে। বর্তমানে আইন অনুযায়ী বিসিএস ক্যাডার সার্ভিসসহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন-ক্যাডার চাকরিতে মেধা কোটা ৪৫ শতাংশ, মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ, মহিলা ১০ শতাংশ, জেলাভিত্তিক (সাধারণ) ১০ শতাংশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫ শতাংশ নির্ধারিত রয়েছে। তবে প্রতিবন্ধীদের এক শতাংশ কোটার কারণে অন্য কোনো কোটায় হেরফের হবে কিনা- তা আদেশে স্পষ্ট করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৪৭ ঘ.