চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (কেইপিজেড) পাহাড় কাটা বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মুনীর চৌধুরী রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আনোয়ারা ও পটিয়ায় অবস্থিত কেইপিজেড এলাকায় অভিযান চালিয়ে এ নির্দেশ দেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই বছর ধরে প্রায় আড়াই হাজার একর পাহাড় শ্রেণীর ভূমিতে তারা এই শিল্পায়নের কাজ চালিয়ে আসছে। এসব স্থানে পাহাড় কাটার অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়।
অবশ্য কেইপিজেড কর্তৃপক্ষ দাবি করেছে, তারা পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েই পাহাড়- টিলা কেটে শিল্পায়নের কাজ করছে।
২০০৯ সালের ২৩ নভেম্বর ৩৩টি শর্ত সাপেক্ষে পাহাড় কাটার অনুমতি দেওয়া হয়। পরে গত বছরের ২৪ নভেম্বর ওই অনুমতিপত্র নবায়ন করা হয়। শর্তে লেখা রয়েছে-অনুমোদিত নকশা অনুযায়ী পাহাড় কর্তন ও মোচন করা যাবে। পাহাড় টিলা কাটার আগে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করতে হবে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়-টিলা কাটার অনুমতি থাকলেও এর মধ্যে ফাঁক ছিলো। সেটার সুযোগ নিয়েই তারা পাহাড় কেটেছে।
তিনি জানান, পটিয়া ও আনোয়ারা মৌজার তিনটি স্থানে আনুমানিক ৪০ থেকে ৬০ ফুট উচ্চতার পাহাড় বুলডোজার ও এস্কেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে সমতল করা হয়েছে। এভাবে সা¤প্রতিক সময়ে প্রায় ৪৭ কাঠা পাহাড় কেটে সমতল করা হয়েছে।
এসব কারণেই পাহাড় কাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মুনীর চৌধুরী।
পরিবেশ অধিদপ্তরের এই পরিচালক বলেন, “প্রকল্পের ভূমি উন্নয়ন পরিকল্পনা এবং অনুমোদিত নকশাসহ সব কাগজপত্র ঢাকায় অধিদপ্তরের কার্যালয়ে সোমবার দুপুর ২টার মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে তাদের কাজ করার অনুমতি দেওয়া হবে।”
কেইপিজেডের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. শাহজাহান সাংবাদিকদের বলেন, “পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েই এখানে শিল্পায়নের জন্য প্লট তৈরি করা হচ্ছে। পাহাড় সমতল করা না গেলে কীভাবে আমরা কারখানা করবো।”
যেসব শর্তে পরিবেশ অধিদপ্তর অনুমতি দিয়েছে তা কোনভাবেই লঙ্ঘন করা হয়নি বলেও দাবি করেন তিনি।
অভিযান পরিচালনাকালে কেইপিজেড কর্তৃপক্ষের উপদেষ্টা, মহাব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষে মুনীর চৌধুরী ছাড়াও চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ভূইয়া উপস্থিত ছিলেন। অভিযানে র্যাব-৭ এর সদস্য এবং আনোয়ারা উপজেলা ভূমি প্রশাসনের কর্মকর্তারা সহায়তা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৩৫ ঘ.
bdnews24