গোপালগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে এক কলেজছাত্র বাস থেকে পড়ে যাওয়ার জেরে কয়েকটি বাস ভাংচুরের পর শ্রেণীকক্ষে ঢুকে পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে সদর উপজেলার কাজী জহুরুল হক কলেজের একটি ক্লাসে এই ঘটনা ঘটে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
এই ঘটনার পর থেকে জেলায় সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
প্রথম বর্ষের ছাত্র রাজু শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ফুকরার মিল্টন বাজার থেকে ৫ শিক্ষার্থী লোকাল বাসে উঠার সময় বাসটি গতি বাড়িয়ে দিলে প্রথম বর্ষের ছাত্র মো. রাসেল সিকদার ছিটকে পড়ে আহত হয়।
খবর পেয়ে শিক্ষার্থীরা ১০টার দিকে কলেজের সামনে গোপীনাথপুরে সড়ক অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। ওই সময় উভয় পাশে যানজট সৃষ্টি হয়। ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা লোকাল বাস ছাড়া অন্যসব যানবাহন ছেড়ে দেয়।
কলেজ শিক্ষক তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীরা ক্লাসে ফেরার পরই এই আবার লোকাল বাস চলা শুরু হলে দুপুর ২টার দিকে পুনরায় সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। ওই সময় ৬/৭টি বাস ভাংচুর হয়।
ছাত্রদের হামলায় বাসচালক লাল্টু শেখ (৩০), সহকারী আলী মোল্লাসহ কয়েক যাত্রী আহত হয়।
এরপরই পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের রাস্তা থেকে তুলে দেয়। তখন পুলিশ ও ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এক পর্যায়ে উপ-পরিদর্শক সালাহউদ্দিনের নেতৃত্বে পুলিশ শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রদের ওপর এলোপাতাড়ি লাঠিপেটা করে বলে শিক্ষক তাফাজ্জল জানান। তিনি তখন ক্লাস নিচ্ছিলেন।
তিনি অভিযোগ করেন, লাঠিপেটায় বাধা দিতে গেলে অধ্যক্ষ সাইফুল হাসান, প্রভাষক সুশান্ত মল্লিক, মো. নুরুল ইসলাম অপু ও সোহেল রানা সবুজকে লাঞ্ছিত করে পুলিশ।
পুলিশের লাঠিপেটায় আহত হন শিক্ষার্থী মালা খানম, রাজু শরীফ, শরিফা খানম, আয়েশা খানম, কলেজ কর্মচারী উত্তম কুমারসহ ১০ জন। তাদের গোপীনাথপুর ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শিক্ষকরা জানান।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরদার রোকনউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাংচুর করে। পুলিশ ভাংচুর ঠেকাতে গেলে কয়েক ছাত্র সামান্য আহত হয়। ছাত্রদের ইটপাটকেলে পুলিশ ৪/৫ জন পুলিশও আহত হয়েছে।
তবে ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের পেটানোর কথা অস্বীকার করেন রোকনউজ্জামান।
গোপালগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, বাস থেকে ছাত্রকে ফেলা দেওয়া হয়নি। তিনি পড়ে গেছেন।
এ ঘটনায় জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দূরপাল্লার গাড়ি চলছে বলে জানান তিনি।
এদিকে বাস ভাংচুর ও চালক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা শহরতলীর পুলিশ লাইন মোড়ে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে।
বিষয়টি মীমাংসার জন্য জেলা প্রশাসকের উদ্যোগে কলেজ কর্তৃপক্ষ ও বাস মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০০৮ ঘ.
bdnews24