২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনের কয়েক পদে রদবদল

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালকের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানোসহ প্রশাসনের কয়েকটি পদে রদবদল আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালকের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানোসহ প্রশাসনের কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার রাকাবের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর কথা বলা হয়। তার এ মেয়াদ বাড়ানোর আদেশ গত ১৮ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে ওই আদেশে বলা হয়। এছাড়া পৃথক আদেশে প্রশাসনের কয়েকটি পদে সেনাবাহিনীর সদস্যদের প্রেষণে নিয়োগ ও প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব কর্মকর্তার মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক পদে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহানকে তার পদ থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাকে সেনাবাহিনীতে পদায়ন করা হবে। ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধ্যাপক পদে কর্মরত। ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) অধিনায়ক কর্নেল রফিকুল ইসলামকে প্রেষণে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/১৯২৬ ঘ.