২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে পুড়িয়ে হত্যা: সাক্ষ্যগ্রহণ ফের পেছালো

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামে ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ফের পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামে ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ফের পিছিয়েছে। চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সৈয়দা হোসনে আরা বেগম রোববার আগামী ৯ ফেব্রয়ারি সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করেন। এ নিয়ে তৃতীয় দফায় এ তারিখ পেছালো। বাদির সময়ের আবেদনের প্রেক্ষিতে বিচারক সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেন। গত ২ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ শুরুর কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনার প্রেক্ষিতে তা পিছিয়ে যায়। এর আগে গত বছরের ১৭ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ছিল। সেসময়ও রাষ্ট্রপক্ষের আবদনের প্রেক্ষিতে তা পেছায়। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীল পাড়ার তেজেন্দ্র শীলের দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে এক দল সন্ত্রাসী আগুন ধরিয়ে দেয়। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদি হয়ে হত্যা মামলা করেন। সাত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ গত বছরের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র জমা দেন। এরপর গত ১২ সেপ্টেম্বর বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীসহ ৩৮ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করে আদালত। বাদ পড়েন একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/পিডি/১৯১১ ঘ.