ময়মনসিংহ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে আট দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
রোববার সকালে ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরাও অংশ নেয়।
আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য- প্রভাষক, অধ্যাপক পদের জটিলতা দূর করে পদোন্নতি দেওয়া, শিক্ষক স্বল্পতা দূর ও শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ ও কোটা বৃদ্ধি করা।
এসব দাবিতে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও পলিটেকনিক শিক্ষক পরিষদ লাগাতার আন্দোলন করে আসছে।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পলিটেকনিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত হোসেন, জেলা সভাপতি খন্দকার মোফাখখারুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী বরুণ কুমার দত্ত, সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল ইসলাম, পলিটেকনিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি প্রকৌশলী তাফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মজিবর রহমান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৩৫ ঘ.
bdnews24