২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত

বরিশালের গৌরনদীতে গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। ডাকাতদলের হামলায় আহত হয়েছেন গৃহবধূ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

বরিশাল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদীতে গণপিটুনিতে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। ডাকাতদলের হামলায় আহত হয়েছেন গৃহবধূ। শনিবার গভীর রাতে উপজেলার কুনিয়ারকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে নিহত ডাকাত সদস্য সবুজ (২৮) মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া এলাকার মাজেদ তালুকদারের ছেলে। তবে গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার জানিয়েছে, কালকিনি থানার ওসির সাহায্যে খোঁজ খবর নিয়ে জানা গেছে এই পরিচয় পাওয়া যুবক বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত গৃহবধূ নূরজাহান বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসীম কুমার বলেন, জানালা ভেঙে সৌদি প্রবাসী কুদ্দুস ব্যাপারীর ঘরে ১৫-২০ জন মুখোশধারী ডাকাত ঢোকে। এ সময় অস্ত্রের মুখে কুদ্দুস ব্যাপারীর স্ত্রী নূরজাহান বেগমকে জিম্মি করে ৩৮ ভরি স্বার্ণালঙ্কার ও ৩৫ হাজার সৌদি দিনার হাতিয়ে নেয়। এ সময় নূরজাহান চিৎকার দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তারা। পরে স্থানীয়রা ছুটে এলে ডাকাতরা ৩টি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করলে এক জনকে স্থানীয়রা ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে ওই ডাকাত সদস্য ঘটনাস্থলেই মারা যায়। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনায় গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন কুদ্দুস ব্যাপারীর ভাইয়ের স্ত্রী শারমিন বেগম। মামলায় কুনিয়ারকান্দী গ্রামের ইদ্রিস হাওলাদার ও শাহজাহান হাওলাদারসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। ডাকাত সদস্য নিহতের ঘটনায় স্থানীয় চৌকিদার সোবাহান হাওলাদার অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮২৪ ঘ.