২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমা চেয়ে পার পেলেন সেই চেয়ারম্যান

আদালত বসিয়ে পরোয়ানা জারি এবং শাস্তি দেওয়ার মতো কাণ্ড ঘটানো গাইবান্ধার সেই চেয়ারম্যান হাইকোর্টে ক্ষমা চেয়ে অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত বসিয়ে পরোয়ানা জারি এবং শাস্তি দেওয়ার মতো কাণ্ড ঘটানো গাইবান্ধার সেই চেয়ারম্যান হাইকোর্টে ক্ষমা চেয়ে অভিযোগ থেকে নিষ্কৃতি পেয়েছেন। নিজস্ব নিয়ম-কানুনে আদালত বসানোর অভিযোগ ওঠার পর আদালতের নির্দেশে গাইবান্ধা সদরের গিদারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সাদেক ওরফে লেবু রোববার হাইকোর্টে হাজির হন। আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, ২০০৬ সালের গ্রাম আদালত আইন অনুযায়ী তিনি আদালত বসিয়েছিলেন। “তবে প্রক্রিয়ায় কোন ভুল হয়ে থাকলে সে জন্য নিঃশর্ত ক্ষমা চাই,” বলেন তিনি। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে চেয়ারম্যান ছাড়াও আরো ছয় ব্যক্তি তলবে হাজির হন। আদালতে চেয়াম্যানের পক্ষে শুনানি করেন কে এম হাফিজুল আলম। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন। আদালত আইনজীবীদের বলেন, “ওনাকে (চেয়ারম্যান) বলে দিন, সীমার মধ্যে থাকতে। ওয়ারেন্ট ইস্যু করা, সূর্যের দিকে তাকিয়ে দাঁড় করিয়ে রাখার ক্ষমতা তো তার নাই।” গত ৮ জানুয়ারি দৈনিক প্রথম আলোতে ‘এক চেয়ারম্যানের নিজস্ব আদালত’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে এলে পরদিন আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং তার বিচারিক কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করা হয়। একইসঙ্গে ওই চেয়ারম্যানকে আদালতে তলব করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, চেয়ারম্যান সাদেক প্রতি শনিবার ‘আদালত’ বসান। ওই আদালতে বিচার চাইতে হলে নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করতে হয়। বিচারের দিন হাজির না হলে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। বাদি-বিবাদি দুই পক্ষকে টাকা দিয়ে ‘আইনজীবী’ নিয়োগ করতে হয়। প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের ২৭ জুলাই চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সাদেক নিজস্ব নিয়মকানুনে বিচার চালু করেছেন। তিনি আট মাসের অন্তঃসত্ত্বাকে তাঁর আদালতে আসতে বাধ্য করেছেন। শাস্তি হিসেবে কয়েকজন গ্রামপুলিশকে সূর্যের দিকে মুখ করে দাঁড় করিয়ে রাখেন তিনি। গ্রামপুলিশদের বাধ্য করেন তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫৪৫ ঘ.