ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন বসুন্ধরা গ্রুপের দুটি পত্রিকা কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ইমদাদুল হক মিলন ও নঈম নিজাম।
আবাসন প্রতিষ্ঠান আশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্টের করা মামলায় রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুজন হাজির হয়ে জামিন চান।
শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান প্রত্যেককে ৫ হাজার টাকার মুচলেকায় জামিন দেন বলে জানান তাদের আইনজীবী আশরাফ উল আলম।
আবাসন নির্মাণের মাধ্যমে ব্যবসা শুরু করা বসুন্ধরা গ্রুপের প্রকাশনা প্রতিষ্ঠান ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের এই দুই পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর একই আদালতে মামলাটি করা হয়।
শুনানি শেষে কালের কণ্ঠের সম্পাদক মিলন এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে তলব করেছিল আদালত।
একই মামলায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ইংরেজি দৈনিক সানের সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনকেও বিবাদি করা হলে তাকেও তলব করা হয়েছিল।
আনোয়ার রোববার আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে সময়ের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।
গত বছরের ২২ নভেম্বরে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ‘১০ কোটি টাকার ভুয়া এফডিআরে ঋণ নিতে চেয়েছিলেন আশিয়ানের নজরুল’ এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একই দিনে ‘ভুয়া এফডিআরে ঋণ নিতে গিয়ে ধরা পড়েন আশিয়ান সিটির নজরুল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
আশিয়ান বলছে, “প্রকাশিত সংবাদটি মিথ্যা তথ্যের রসায়নে নির্মিত অলীক কাহিনী, যা এইসঙ্গে মানহানিকর।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪৫৫ ঘ.
bdnews24