২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণের প্রার্থনায় হাত তুললো লাখো মানুষ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মিলন, যাতে অংশ নিয়ে লাখ লাখ মুসল্লি বিশ্ব মানবতার কল্যাণ কামনায় প্রার্থনা করেছেন। ইজতেমাস্থল থেকে জানাচ্ছেন আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 02:58 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গাজীপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লি একসঙ্গে হাত তুলে মুসলিম জাহান ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে প্রার্থনা করেছেন। রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব তাবলিগ জামাতের এবারের বার্ষিক সম্মিলন বা ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মো. জোবায়রুল হাসান। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শেষ হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গত সপ্তাহে প্রথম পর্বের পর গত শুক্রবার দ্বিতীয় পর্ব শুরু হয়। আগে এক পর্বে ইজতেমা হলেও মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় গত বছর ধরে তা দুই পর্বে হচ্ছে, ফলে আখেরি মোনাজাত হচ্ছে দুই বার। রোববার ভোর থেকেই ইজতেমা ময়দান অভিমুখে মানুষের ঢল দেখা যায়। শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। মোনাজাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসলমানরা হেঁটেই রওনা হন ইতজেমাস্থলে। সকালেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা মাঠের আশে-পাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নিয়েছেন। পুরনো খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা কিংবা পলিথিন বিছিয়ে যে যেখানে পারছেন, বসে পড়েন এবং মোনাজাতে অংশ নেন। ইজতেমাস্থলে শনিবার রাতে পাবনার এক মুসল্লি হৃদরাগে মারা যান বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। তার নাম মো. আব্দুস সামাদ (৬২)। এদিকে ইজতেমা ময়দানের পশ্চিম দিকে নামাজ আদায়ের মিম্বরের পশ্চিম-দক্ষিণ পাশে হারানো-প্রাপ্তির কামরা রয়েছে। সকালে সেখানে গিয়ে দেখা যায়, বিভিন্ন জেলার ১০ জন মুসল্লি সঙ্গীদের হারিয়ে সেখানে অপেক্ষা করছেন। ময়দানে মুসল্লিদের হারানো টাকা, মোবাইল, ব্যাগসহ বিভিন্ন সামগ্রীর স্তূপও দেখা গেছে সেখানে। হারানো ও প্রাপ্তির বিষয় বয়ান মঞ্চ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়। প্রমাণ দিয়ে তা নেওয়া যাচ্ছে বলে ওই কামরায় কর্তব্যরত তাবলিগকর্মী মো. আল আমিন জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ৮টা পর্যন্ত ৩০০ জনের মতো মুসল্লি মাঠে হারিয়ে যায়। পরে তাদের সঙ্গী-স্বজনদের কাছে পোঁছে দেওয়া হয়েছে। নিউ মন্নু ফাইন কটন মিলসের গভীর নলকূপ নষ্ট হয়ে পড়ায় গত দু’দিন ধরে ওই এলাকায় পানি সঙ্কট চলছে। ওই এলাকায় জেলা প্রশাসন, টঙ্গী পৌরসভা ও র‌্যাবসহ বেশ কটি বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। এসব কক্ষে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা পানি নিয়ে ভোগান্তিতে রয়েছেন। তাদের প্রয়োজনীয় পানি বাইরে থেকে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা মো. মামুন মিয়া। ইজতেমার কারণে ধউড় সেতু থেকে আব্দুল্লাহপুর হয়ে প্রগতি সরণী এবং টঙ্গী সেতু থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এই অবস্থা থাকবে সন্ধ্যা পর্যন্ত। তবে আখেরি মোনাজাতের দিন রোববার সকাল থেকে কোনো বাসকে মহাখালীর পর উত্তরার দিকে যেতে দেওয়া হচ্ছে না বলে দেখা গেছে। পুলিশ সেখান থেকেই বাসগুলোতে ঘুরিয়ে দিচ্ছে। ঢাকা মহানগরের যে সব মুসল্লি হেঁটে ইজতেমায় যাবেন তাদের শাহজালাল বিমানবন্দর গোলচত্বর আজমপুর-আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীসেতু দিয়ে না গিয়ে তুরাগ নদীর ওপর নির্মিত ভাসমান সেতু অথবা কামারপাড়া সেতু ব্যবহার করতে হবে। সব চালকদের বিমান বন্দর সড়কের পরিবর্তে মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। ঘোড়াশাল থেকে পুবাইল-কালীগঞ্জ হয়ে আসা যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্বে মরকুন (কে-২) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী যানবাহনকে কাচপুর/যাত্রাবাড়ী সড়ক ব্যবহার করতে হবে। আগের মতো দ্বিতীয় পর্বেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ সুউচ্চ কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। র‌্যাব সদস্যরা টাওয়ার থেকে ইজতেমাস্থল পর্যবেক্ষণ করছেন। হেলিকপ্টার ও তুরাগ নদীতে স্পিড বোট ব্যবহার করেও টহলের ব্যবস্থা করা হয়েছে। মাঠের প্রবেশ পথে ও আশপাশের এলাকায় পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকধারী পুলিশসহ গোয়েন্দা বিভাগের সদস্যরা কড়া নজরদারি করছেন। প্রতিটি গেট ও গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা ও ভিডিও ক্যামেরা বসানো হয়েছে। র‌্যাব ছাড়াও পুলিশ ও জেলা প্রশাসন এবং টঙ্গী পৌরসভার উদ্যোগে ইজতেমা এলাকায় পৃথক কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। মাঠে প্রবেশকারীদের মধ্যে সন্দেহভাজনদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাসি চালানো হয়। ১৯৪৬ সাল থেকে বাংলাদেশে (তৎকালীন বাংলা) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে। এরপর ’৪৮-এ চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ’৫৮তে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমায় লোক সমাগম বাড়তে থাকায় ১৯৬৬ সালে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয় বিশ্ব ইজতেমার আয়োজন। এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৮ ঘ.