২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুতের পাঁচ সদস্যের ছয় দিনের রিমান্ড

রাজধানী থেকে আটক হওয়া নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের পাঁচ সদস্যকে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী থেকে আটক হওয়া নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের পাঁচ সদস্যকে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। সেনবাহিনীতে সা¤প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানের চেষ্টায় এই সংগঠন সম্পৃক্ত এক কর্মকর্তা রয়েছেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। শনিবার বিকেলে মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর ওই পাঁচ হিজবুত সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিন এবং পুলিশের কাজে বাধা দানের মামলায় এক দিনের হেফাজত মঞ্জুর করেন। দুটি মামলায় ১০ দিন করে মোট ২০ দিন হেফাজত চায় পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর উত্তরা ৬ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের বাইতুন নূর জামে মসজিদের সামনে থেকে ডাক্তার মিনহাজ ইয়াসিন জিবরান (৩৫), মো. মোসাদ্দেক (২৬), মো. মোসাব্বির (২২), ফাহিম আফসার ভূইয়া (২০) ও ইব্রাহিম খলিল (১৮) নামে পাঁচ হিজবুতকর্মীকে আটক করে পুলিশ। দেশের সংহতি নস্যাৎ ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সন্ত্রাসী তৎপরতা চালানোর পরিকল্পনা নিয়ে তারা সেখানে বৈঠক করছিলো বলে অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে দেখা যায়, গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেয় হিজবুত তাহরিরের এই কর্মীরা। এদিন আইনজীবী মো. আবুল ফারুক দুটি মামলাই আসামিদের জামিনের আবেদন করলে তা বাতিল করে আদালত। উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু মিয়া সন্ত্রাসীবিরোধী আইনে এবং উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল কবির আদালতে হিজবুত তাহরির সদস্যদের রিমান্ড আবেদন করেন। জঙ্গি তৎপরতার অভিযোগে হিযবুত তাহরিরকে আড়াই বছর আগে নিষিদ্ধ করা হলেও প্রচারপত্র বিলি এবং পোস্টার সাঁটানোর মাধ্যমে সংগঠনটির তৎপরতা দৃশ্যমান। গত বৃহস্পতিবার সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার উৎখাতে সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ধর্মান্ধ কয়েক সেনা কর্মকর্তার ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। এই ষড়যন্ত্রের মূলে মেজর সৈয়দ জিয়াউল হক নামের এক কর্মকর্তা ছিলেন যিনি হিজবুত তাহরির সঙ্গে সম্পৃক্ত। ওই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এহসান ইউসুফসহ দুজনকে আটক করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/পিডি/১৯১৫ ঘ.