মুন্সীগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি মসজিদের সিড়ির বাইরে থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, ছয় মাস আগে যার আরেক ভাইও খুন হয়।
সদর থানার ভারপ্রাপ্ত ওসি আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে উপজেলার ফিরিঙ্গি বাজার পাতিপাড়া জামে মসজিদের সিড়ির নিচে মো. আলভি নামে ৭ বছর বয়সী শিশুটির লাশ পাওয়া যায়।
আলভি ফিরিঙ্গি বাজারের ব্যবসায়ী জীবন চৌধুরির ছোট ছেলে। গত রোজায় আলভীর মেজ ভাই মো. আশিকের (১১) মৃতদেহ উদ্ধার করা হয় বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে। সেই হত্যা মামলার আসামিরা এখন কারাগারে রয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, শনিবার সকাল ১১টার দিকে আলভি হঠাৎ নিখোঁজ হয়। পরে জোহরের নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার পথে আলভির লাশ দেখে পুলিশে খবর দেয়।
তিনি বলেন, “গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে আলভীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ছয় মাসের মাথায় একই পরিবারের দুটি শিশু খুন হওয়ার ঘটনায় কোনো যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে আবুল বাসার জানান।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মিয়া জানান, বাসার গৃহকর্মীর অনৈতিক সম্পর্কের ঘটনা দেখে ফেলায় গত অগাস্টে খুন হয় আলভীর ভাই আশিক। গ্রেপ্তারের পর ওই গৃহকর্মী ও তার সহযোগী আদালতে খুনের কথা স্বীকার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭০৭ ঘ.
bdnews24