মাদারীপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক গর্ভবতী মায়ের মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।
শুক্রবার রাত ৯টার দিকে নিরাময় হাসপাতালে সন্তান সম্ভবা শানু বেগমের (৩৫) মৃত্যু হয়। শানু মাদারীপুর পৌরসভার শকুনী এলাকার শাহজামান সরদারের স্ত্রী।
তার স্বজনদের দাবি, বৃহস্পতিবার শানু বেগমের গর্ভের সন্তানের মৃত্যু হলেও ডাক্তার তাদের জানিয়েছেন শুক্রবার।
শানুর ভাই রেজ্জাক খাঁ সাংবাদিকদের বলেন, বুধবার (১৮ জানুয়ারি) শহরের নিরাময় হাসপাতালে শানুকে ভর্তি করানো হয়। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সন্তান মারা যায়।
“কিন্তু বিষয়টি হাসপাতালের চিকিৎসকেরা আমাদের জানিয়েছে শুক্রবার (২০ জানুয়ারি),” বলেন তিনি।
রেজ্জাক খাঁ বলেন, মৃত সন্তান বের করতে শুক্রবার রাত ৯টার দিকে সিজার করাতে পেথিডিনসহ দুটি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই শানুর মৃত্যু হয়।
রেজ্জাক খাঁ তার বোন ও গর্ভের সন্তানের মৃত্যুর জন্য নিরাময় হাসপাতালের ডাক্তার নাসরিন রোজী ও অন্য ডাক্তারদের অবহেলাকে দায়ী করেন।
“এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ দায়ের করব,” বলেন রেজ্জাক।
এ ব্যাপারে মাদারীপুর সদর হাসপাতালের গাইনির কনসালটেন্ট এবং নিরাময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসরিন রোজী সাংবাদিকদের বলেন, “ওই রোগী ইমপেনডিং একলাম্পসিয়ায় ভুগছিলেন। সিজার করার আগে তাকে ফেরেরেক্স ও পেথিডিন দু’টি ইনজেকশন দেওয়া হয়। এরপরই তার মৃত্যু হয়।”
এই ডাক্তার আরো বলেন, “যেহেতু ইনজেকশন দেওয়ার পরে রোগীর মৃত্যু হয়েছে, সেহেতু তার স্বজনরা আমার বিরুদ্ধে অভিযোগ আনতেই পারে।”
নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গোলাম সারোয়ার বলেন, “এটাতো একটা অনাকাক্সিক্ষত ঘটনা। মৃত্যুটিতো স্বাভাবিকভাবেও হতে পারত। চিকিৎসক যে ইনজেকশন দিযেছেন তা এ ধরনের রোগীদের দেওয়া যায়।”
মাদারীপুর থানার উপ-পরিদর্শক ইউসুফ আলী ফকির বলেন, “খবর শুনে আমরা হাসপাতালে গিয়েছিলাম। সেখানে কমিশনার মাহবুব হাওলাদারসহ স্থানীয় কয়েকজনের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল।”
নিহতের পরিবার অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24