২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় তিনটি লাশ উদ্ধার

বাগেরহাট, মানিকগঞ্জ ও চুয়াডাঙ্গা থেকে শুক্রবার সকালে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট, মানিকগঞ্জ ও চুয়াডাঙ্গা থেকে শুক্রবার সকালে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, সকাল ৯টার দিকে সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামে ভৈরব নদের চর সংলগ্ন মাঠ থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২৪) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। বাগেরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল ইসলাম বলেন, ফতুয়া এবং জিন্স প্যান্ট পরা মেয়েটির ডান চোখ তুলে নেওয়া হয়েছে। মুখে রক্তের দাগ এবং গলায় ওড়না প্যাঁচানো রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি জানান, হরিরামপুরের পোদ্দারপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জমি থেকে এক অজ্ঞাত পরিচয় (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হরিরামপুর থানার ওসি শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট দিয়ে প্যাঁচানো লাশটি দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামের বেলতলা মাঠে রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পাওয়া যায়। নিহত হায়দার আলী (৪৩) পেশায় পাটখড়ি ব্যবসায়ী। তিনি শিবনগর গ্রামের জামাত আলীর ছেলে। দামুড়হুদা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হায়দার আলীকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কে বা কারা মোবাইল ফোনে ডেকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। “এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে,” বলেন পুলিশ কর্মকর্তা। ওসি আরো জানান, তিনি দামুড়হুদার খলিসাগাড়ি গ্রামের গফুর হত্যা মামলার আসামি। তাই গফুর হত্যা মামলার জের ধরে কিংবা পারিবারিক শক্রতার কারণে হায়দারকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কিউএইচ/ডিডি/১৭৩৪ ঘ.