ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে হটিয়ে দেওয়ার চেষ্টার খবরে উদ্বেগ প্রকাশ করে পোশাক শিল্প মালিকরা বলেছেন, এই ধরনের ঘটনা অনভিপ্রেত।
বৃহস্পতিবার সেনাবাহিনী কতিপয় ধর্মান্ধ সেনা কর্মকর্তার অভ্যুত্থানের চেষ্টা নস্যাতের কথা জানানোর পর রাতে এক বিজ্ঞপ্তিতে উদ্বেগের কথা জানায় বিজিএমইএ ও বিকেএমইএ।
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ এই দুই সংঠনের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, তারা বিশ্বাস করেন গণতন্ত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে ক্ষমতার পরিবর্তন হবে সাংবিধানিক পদ্ধতিতে জনগণের ভোটের মাধ্যমে।
“গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মতের ভিন্নতা থাকতেই পারে। তবে দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে,” বলা হয় বিবৃতিতে।
অবৈধ পন্থায় ক্ষমতায় যাওয়ার চেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় এনে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৩৩ ঘ.
bdnews24