ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে এক অটিস্টিক শিশুকে রাতে আটকে রেখে নির্যাতনের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট।
নির্যাতনের ঘটনায় সঠিকধারায় মামলা না হওয়ার কারণ ব্যাখ্যা করতে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ তাদের হাজির হতে নির্দেশ দেয়।
আগামী সোমবার আদালতে হাজির হয়ে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ও ওই মামলার তদন্তকারী কর্মকর্তাকে হাজির হয়ে এর কারণ ব্যাখ্যা করতে হবে।
একইসঙ্গে ওই ঘটনায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন নম্বর শাখার দুই নিরাপত্তারক্ষী হেলালউদ্দিন ও বেলালকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে হেলাল আদালতে হাজির হয়েছিলেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, আদালতের আদেশের পর পুলিশ হেলালকে আটক করে নিয়ে গেছে। স্কুলের অপর এক নিরাপত্তাকর্মী আনোয়ারও আদালতে হাজির হয়েছিলেন। তবে ঘটনায় বিদ্যালয়ের তদন্তে তার নাম না আসায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া আদালতের আগের আদেশ অনুযায়ী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন নম্বর শাখার অধ্যক্ষ ফরহাদ হোসেন, কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান আদালতে হাজির হয়েছিলেন।
আদালতে ফরহাদ হোসেনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
তিনি আদালতে বলেন, “ওই ঘটনায় একটি তদন্ত করা হয়েছে। তদন্তের পর হেলালউদ্দিন ও বেলালকে দুই বরখাস্ত করা হয়েছে। এরপর আদালত অধ্যক্ষকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।”
শুনানিতে পুলিশ কর্মকর্তা আতাউর রহমান আদালতকে বলেন, ওই ঘটনায় দণ্ডবিধির ৩২৩ ধারায় (মারধরের চেষ্টা, যার সর্বোচ্চ সাজা এক বছরের সশ্রম কারাদণ্ড) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শুনানি শেষে আদালত দণ্ডবিধির ১০৯, ৩২৪, ৩৪১ ও ৩৪৯ ধারায় মামলা দায়ের করার আদেশ দেয়। এ সব ধারায় অন্যায়ভাবে আটকে রাখা, মারাত্মক জখমের প্রচেষ্টার কথা বলা আছে, যার সর্বোচ্চ শাস্তি ১০ বছরের সশ্রম কারাদণ্ড।
গত ৯ জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন নজরে আনার পর হাইকোর্টের একই বেঞ্চ গত ১২ জানুয়ারি স্বতপ্রণোদিত হয়ে চারজনকে আদালতে হাজির হতে আদেশ দেয়।
‘অটিস্টিক শিশুটির ওপর এই নির্মমতা!’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ৭ জানুয়ারি শেওড়াপাড়ায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তিন নম্বর শাখায় মাইনউদ্দিন শরীফ (১২) নামের অটিস্টিক শিশুটিকে রাতে স্কুলের মধ্যে আটকে রেখে নির্দয়ভাবে পিটিয়েছে নিরাপত্তাকর্মীরা।
মাইনউদ্দিন মিরপুর ১৪ নম্বরে প্রতিবন্ধী ফাউন্ডেশনের বিশেষায়িত স্কুলের শিক্ষার্থী। তার বাবা জসিমউদ্দিন আগারগাঁওয়ের তালতলায় আবহাওয়া অধিদপ্তরের কর্মচারী। তিনি সপরিবারে তালতলা কলোনির কোয়ার্টারে থাকেন।
প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, শরীফকে পরে পুলিশ উদ্ধার করলে তার বাবা মামলা করতে চাইলে পুলিশ মামলা না নিয়ে অভিযোগটি জিডি হিসাবে গ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭২৯ ঘ.
bdnews24