২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ৬ ঘণ্টা এবং মাওয়া-কাওড়াকান্দি রুটে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি পারাপার আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 03:18 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

রাজবাড়ী/মুন্সীগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় দেশের প্রধান নৌপথগুলোতে ফেরি পারাপার দারুণভাবে ব্যাহত হচ্ছে। এ কারণে বুধবার রাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে ৬ ঘণ্টা এবং মাওয়া-কাওড়াকান্দি রুটে সাড়ে ৩ ঘণ্টা ফেরি বন্ধ থাকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক তারভীর আহমেদ জানান, অতিরিক্ত কুয়াশার কারণে সিগন্যাল, বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না বলে বুধবার রাত ১২টার দিকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। এ সময় ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, আমানত শাহ, শাহ আলী, কেরামত আলী, হামিদুর রহমান দৌলতদিয়া ঘাটে এবং ফেরি কুমারী, শাহ পরান, খানজাহান আলী, মতিউর রহমান, শাহ জালাল পাটুরিয়া ঘাটে যানবাহন নিয়ে আটকে থাকে। কুয়াশা কমে গেলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ফেরি চলাচল শুরু হয় এই নৌপথে। এদিকে একই কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি বন্ধ হয়ে যায় বুধবার রাত সাড়ে ৩টার দিকে। মাওয়া ঘাটে বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সময় যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ফেরি রামশ্রী ও রানীক্ষেত। এছাড়া যানবাহন নিয়ে কাওড়াকান্দি ঘাটে অপক্ষোয় থাকে ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ বরকত, কাবেরী ও রানীগঞ্জ। মাওয়া ঘাটে আটকে থাকে ফেরি যমুনা। সকাল ৭টায় কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি পারাপার আবার শুরু হয় বলে সিরাজুল হক জানান। এদিকে ফেরি বন্ধ থাকায় ঘাটগুলোতে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ জট। কনকনে শীতের মধ্যে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগে পোহাতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯১০ ঘ.