ইয়াসিনুর রহমান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নেত্রকোনা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত গারো, হাজং ও কোচ নারীরা দিন দিন এগিয়ে যাচ্ছে।
ছোট-বড় অনেক গারো পাহাড় আর নদ-নদী পরিবেষ্টিত দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। বাঙালির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে গারো, হাজং ও কোচ নৃ-গোষ্ঠীর লোকজন।
এদের নারীরা পরিশ্রমী। অনগ্রসর হিসেবে কৃষিসহ নানা কায়িক শ্রমের কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু দিন পরিবর্তন হচ্ছে। তার ছোঁয়া লেগেছে তাদের জীবনযাপনেও।
ঐতিহ্যগতভাবে গারো পাহাড় এলাকায় বসবাসরত গারো, হাজং ও কোচ নারীদের পিঠে শোভা পেয়ে আসছে কাপড়ে বাঁধা ঝুলন্ত শিশু, মাথায় পাহাড় থেকে কুড়িয়ে আনা খড়কুটো, মরা গাছের ডালপালার বোঝা। কেউবা কাস্তে হাতে কাদা মাটিতে নেমে ক্ষেত খামারে কাজ করছে।
এখন এই অতি পরিচিত দৃশ্যে পরিবর্তন আসছে। সরকারি ও বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেওয়া নানা কর্মসূূচি পিছিয়ে পড়া এই নারীদের জীবন বদলে দিতে শুরু করেছে।
পুরুষের পাশাপাশি নারীরাও শিক্ষিত হয়ে উঠছে। কাজ নিচ্ছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে।
শিক্ষা গ্রহণের পাশাপাশি পোশাক-পরিচ্ছদেও পরিবর্তন এসেছে। নারীরা এখন তাদের সনাতনী কাপড়চোপড়ের বদলে আধুনিক পোশাক পরছে। নিজ নিজ কর্মক্ষেত্রে বাঙালিসহ অন্যদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে দক্ষতার সঙ্গে।
আদিকাল থেকেই তারা মূলত কৃষিকাজ, জীবজন্তু শিকার এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কৃষিজমি কমে যাওয়া, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ কঠিন হয়ে যাওয়াসহ নানা কারণে নৃ-গোষ্ঠীর পুরুষের মতো নারীরাও বেঁচে থাকার তাগিদে কাজের সন্ধানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে।
এদের নারীরা প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে, কেউবা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে শহরমুখী হচ্ছে। কাজ জুটিয়ে নিচ্ছে বিউটি পার্লার, প্রসাধনী বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও তৈরি পোশাক কারখানায়।
ঢাকার একটি বিউটি পার্লারে কাজ করেন আলপনা ম্রং।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিউটি পার্লারে নৃ-গোষ্ঠীর নারীদের চাহিদা সবচেয়ে বেশি। তারা কর্মঠ, কর্তব্যনিষ্ঠ আর বিশ্বস্ত। এ কারণে বিউটি পার্লারে তাদের একচ্ছত্র আধিপত্য।
বিরিশিরি এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী কাকলী চিসিম বলেন, শিক্ষা গ্রহণের ব্যাপারে তাদের জনগোষ্ঠীর মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে।
যক্ষা হাসপাতালে কর্মরত অতুল রেমা বলেন, সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেও নৃ-গোষ্ঠীর নারী-পুরষরা সমান তালে কাজ করছে।
বিরিশিরি কালচারাল একাডেমির সহকারী পরিচালক সুলচনা সাংমা বলেন, সরকারের আরো সহযোগিতা পেলে নৃ-গোষ্ঠীর নারীরা তাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার ঠিক রেখে আধুনিক তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.
bdnews24