সাতক্ষীরা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক হাজার টাকার ৩০টি জাল নোটসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার সাদপুর ব্রিজ এলাকা থেকে আব্দুল জব্বারকে (৩৬) আটক করা হয়। তিনি পূর্ব নারায়ণপুর গ্রামের হযরত আলী বিশ্বাসের ছেলে।
কালিগঞ্জ থানার ওসি ফরিদউদ্দিন বলেন, গোপন সংবাদ পেয়ে খুলনার র্যাব-৬ এর সদস্যরা খামে মোড়া এক হাজার টাকার ৩০টি জাল নোটসহ জব্বারকে আটক করে।
র্যাব-৬ এর লেফটেন্যান্ট কমান্ডার নূর-ই-আলম বলেন, এ ব্যাপারে কমান্ডার ডিএডি সহিদ বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
থানা হাজতে থাকা আব্দুল জব্বার স্থানীয় সাংবাদিকদের বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মুরগির খামার থেকে ডিম সংগ্রহ করে ঢাকায় পাঠান। সে সূত্রে সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তর গোদাড়া গ্রামের ডিম ব্যবসায়ী মাসুদ ও মহিউদ্দীনের সঙ্গে তার ব্যবসায়ীক লেনদেন শুরু হয়।
এক পর্যায়ে তারা তাদের কাছে ব্যবসার একলাখ ৫০ হাজার পাওনা টাকার বিপরীতে ৩০ হাজার টাকা পাঠায়। তিনি ওই টাকা জাল হিসেবে বুঝতে পেরে বিষয়টি মহিউদ্দীনকে জানান।
জাল টাকা পরিবর্তন করে দেওয়ার কথা বলে মহিউদ্দীন জব্বারকে জাল টাকা নিয়ে সাদপুর ব্রিজ এলাকায় যেতে বলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৩৪ ঘ.
bdnews24