পাবনা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার শহীদ এম মনসুর আলী কলেজের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় শহরের টিবি হাসপাতালের কাছে এ হামলায় আহত হন হিসাববিজ্ঞানের বিভাগীয় প্রধান ইসমাইল হোসেন (৪৫)।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাবনা সদর থানার ওসি এএইচ এনায়েত উদ্দীন বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই শিক্ষক তার ফরেস্ট এলাকার বাসভবন থেকে হেঁটে পাবনা সদর হাসপাতাল গেটে আসছিলেন।
টিবি হাসপাতালের কাছে পৌঁছলে ৪/৫ জন সশস্ত্র সন্ত্রাসী চাপাতি দিয়ে উপর্যপুরি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে।
হামলার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১০৭ ঘ.
bdnews24