চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছরে বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বাংলাদেশ ‘ভিন্ন মাত্রায়’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমানে দেশের সাড়ে আট কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে।
“তবে মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটা এখন তথ্যভাণ্ডার। এর মধ্য দিয়ে দেশের অর্ধেকেরও বেশি মানুষ প্রযুক্তির ব্যবহার করছে।”
ইন্টারনেট এর কল্যাণে বিজ্ঞানের যথেষ্ট অগ্রগতি হয়েছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে সবচেয়ে এগিয়েছে তরুণরা।
বেশি নেতিবাচক সংবাদ প্রকাশ না করে ইতিবাচক সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সবধরনের সংবাদ থাকবে। তবে সব নেগেটিভ হলে দেশের মানুষের মধ্যে হতাশা বাড়বে।”
মতবিনিময়কালে মন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, যুগ্ম সম্পাদক মোহসিন চৌধুরী বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৯৫৫ ঘ.
bdnews24