২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবকে ‘কালিমা’ মোছার আহ্বান ড্যান মজিনার

বিচার-বহির্ভূত হত্যার অভিযোগে সমালোচিত র‌্যাবকে অতীতের ‘কালিমা’ মুছে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতের ‘কালিমা’ মুছে আইন ও মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনগণকে সেবা দিতে র‌্যাব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা, অসংখ্য বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে যে বিশেষ বাহিনীর বিরুদ্ধে। বুধবার দুপুরে রাজধানীতে র‌্যাবের প্রধান কার্যালয়ে ‘অভ্যন্তরীণ তদন্ত সেল ফাউণ্ডেশন’ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “অতীতের কিছু ঘটনায় সন্ত্রাসবাদ ও অপরাধের বিরুদ্ধে র‌্যাবের তুলনামূলক সাফল্যে কালিমা লেগেছে। আপনারা র‌্যাবের ইতিহাসের সেই অধ্যায়ের সমাপ্তির এবং নতুন একটি অধ্যায় উন্মোচনের চাবিকাঠি। “যে অধ্যায়ে দেশের সংবিধান, আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে ও মানুষের অধিকার ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনগণকে সেবা প্রদানের লক্ষ্যে সৎ ও একান্তভাবে দেশের আইন প্রয়োগের প্রতি নিবেদিত র‌্যাব সদস্যরা পেশাদার আইন প্রয়োগকারীদের মতো আচরণ করবে।” ঢাকায় মার্কিন দূতাবাসের সহায়তায় গত ২৯ নভেম্বর এই কোর্স শুরু হয়। শেষ হয় ৫ জানুয়ারি। এতে অংশগ্রহনকারী ১৯ র‌্যাব কর্মকর্তাকে সনদ দেওয়া হয় সমাপনী অনুষ্ঠানে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বররাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, রাষ্ট্রদূত ড্যান মজিনা, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান। তদন্ত সেলের কাজ বর্ণনা করতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই নতুন সেল নাগরিকদের অভিযোগ গ্রহণ, নিবন্ধন ও সেগুলোর প্রতি সাড়া দেওয়ার এক নতুন পদ্ধতি প্রণয়ন করেছে। র‌্যাবের জন্য একটি আচরণবিধি করা হয়েছে যা আগে ছিলো না। পাশাপাশি র‌্যাব সদস্যদের জন্য ‘সুষ্ঠু ক্ষমতা প্রয়োগ’ সংক্রান্ত একটি বিধিমালা করা হয়েছে, যাতে সব সদস্যকে সই করতে হবে। এই সেলের কার্যকরী পরিচালনার লক্ষ্যে একটি পরিচালনা বিধিও প্রণয়ন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানান মজিনা। নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালে র‌্যাব গঠন হওয়ার পর থেকে ২০১১ সালের জুন পর্যন্ত ৬২২ জন র‌্যাবের কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে; যদিও র‌্যাব বরাবরই দাবি করে এসেছে, আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছে তাদের সদস্যরা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা র‌্যাবকে সহযোগিতা না দিতে গত বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানায়। র‌্যাব সদস্যদের জন্য ‘অভ্যন্তরীণ তদন্ত সেল ফাউণ্ডেশন’ নামে এই কোর্স পরিচালনা করায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, “এই উদ্যোগ মানবাধিকার সুরক্ষায় র‌্যাবের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে এবং বাহিনীর প্রশাসনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে।” অনুষ্ঠানে জানানো হয়, র‌্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে কেউ অভিযোগ জানালে অভ্যন্তরীণ তদন্ত সেল তার তদন্ত করবে। সরাসরি মহাপরিচলকের তত্ত্বাবধানে এবং লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালনায় এই সেলের কার্যক্রম পরিচালিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে জানান, র‌্যাবের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক উইংয়ে কাজও এগিয়ে চলেছে। এর ফলে র‌্যাব একটি আধুনিক ও উন্নত প্রযুক্তির ফরেনসিক ল্যাব পাবে। বর্তমান সরকার সব পর্যায়ে র‌্যাবকে আধুনিক প্রযুক্তি দিয়ে গড়ে তুলতে সচেষ্ট বলেও তিনি উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৯৩১ ঘ.