চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় একটি কেবল অপারেটর কোম্পানির দুই কর্মকর্তার কাছ থেকে ছয় লাখ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনার শিকার হন ক্ল্যাসিক কমিউনিকেশন নামের একটি কেবল অপারেটর প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নাছির উদ্দিন ও অন্য এক কর্মকর্তা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাছির উদ্দিন ও তার এক সহযোগী প্রাইম ব্যাংক প্রবর্তক মোড় শাখা থেকে ৬ লাখ টাকা উঠিয়ে অন্য ব্যাংকে জমা দিতে রিকশায় করে যাচ্ছিলেন।
“তারা মেহেদীবাগ এলাকায় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশায় পাঁচ জনের সশস্ত্র ছিনতাইকারী দল অস্ত্রের মুখে তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়।”
ওসি জানান, এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সিএনজি অটো রিকসা ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এরই মধ্যে ঘটনাস্থলে টহল পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হয়ে সিএনজি অটোরিকশাটি আটক করে। অটোরিকশা থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও দুটি চাপাতি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/পিডি/১৯২০ ঘ.
bdnews24