ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার মন্ত্রণালয়ের প্রকল্পের অগ্রগতি আনতে অর্থ ছাড় করার পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
বৈঠকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন নিয়ে আলোচনা হয় ।
কমিটির সভাপতি অলি আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে চারটি মন্ত্রণালয়ের যে সব প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক নয় সে প্রকল্পগুলোর অগ্রগতি সহনীয় পর্যায়ে আনতে এবং টাকা ছাড়ের কারণে যে সব প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে সে সব প্রকল্পের অর্থ ছাড় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী আব্দুল করিম খন্দকার, হামিদা বেগম শোভা, রেজা আলী এবং আনম শামশুল ইসলাম বৈঠকে অংশ নেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, আইএমইডি’র সচিব মো. মোজাম্মেল হক খান, পরিকল্পনা কমিশনের সদস্য মো. ফজলুল বারী, পরিকল্পনা কমিশনের সদস্য মাসুদ আহমেদ, এমএ ছাত্তার মন্ডল, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮০৯ ঘ.
bdnews24