ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নুসরাত জাহান মেঘনা নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ কবর থেকে উঠিয়ে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হওয়া ওই ছাত্রীর দাফনের ১১ দিন পর এ আদেশ দিয়েছে আদালত।
তার মায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেঘনা গত ৫ জানুয়ারি শ্বশুর বাড়িতে মারা যান। তার মৃতদেহের ময়নাতদন্তে বলা হয়, তিনি আত্মহত্যা করেছেন।
তবে মেঘনার পরিবারের অভিযোগ, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের প্রভাবে ময়নাতদন্তের প্রতিবেদনও সঠিকভাবে করা হয়নি।
শুনানি শেষে দেওয়া আদেশে আদালত বুধবারের মধ্যে মেঘনার লাশ কবর থেকে তুলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেয়।
পাশাপাশি দ্বিতীয় ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়। কমিটির প্রধান থাকবেন ফরেনসিক বিভাগের একজন চিকিৎসক।
দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন অন্য কোথাও পাঠানোর আগে আদালতে দেওয়ার নির্দেশও দেওয়া হয়।
ময়নাতদন্তের প্রতিবেদনের খরচ হিসাবে জেলা প্রশাসকের কাছে ২০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে জমা রাখতে আদালত নির্দেশ দেয় নিহতের বাবা-মাকে।
আদালতে রিট আবেদনকারী ফুলবানুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। আদেশ দেওয়ার আগে আদালত ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, শম রেজাউল করিম প্রমুখের বক্তব্য শোনে।
নুসরাতের পরিবারের অভিযোগ, নুসরাতকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও সিভিল সার্জন হাবীবুল্লাহ ও লিয়াকত আলী সঠিকভাবে ময়নাতদন্ত প্রতিবেদন দেননি এবং এতে সিভিল সার্জনের স্বাক্ষরও নেই।
এসব অভিযোগের ভিত্তিতে পুনঃময়নাতদন্ত চেয়ে মঙ্গলবার গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা ফুল বানু হাই কোর্টে রিট করেন।
মঙ্গলবার রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত গাজীপুরের সিভিল সার্জন ও ময়না তদন্তকারী চিকিৎসককে তলব করে। আদালতে হাজির হয়ে শুনানির শুরুতে তারা বক্তব্য দেন।
মেঘনা ২০১০ সালে সতীর্থ মো. নাইম আহমেদকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর তিনি টঙ্গীতে শ্বশুরবাড়িতে আসা-যাওয়া করতেন। আগামী ২৭ জানুয়ারি তাদের বিবাহোত্তর অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
এর মধ্যে ছেলে পক্ষ ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে বলে অভিযোগ মেঘনার পরিবারের। তারা আরো জানায়, পরে ১৫ লাখ টাকার ঘর সাজানোর উপকরণ দিতে রাজি হলেও ছেলেপক্ষ নগদ অর্থের জন্য চাপ দিতে থাকে।
এর মধ্যেই ৫ জানুয়ারি নাইমের পরিবার মেঘনার বাবার বাড়িতে ফোন করে তার ‘আত্মহত্যা’র কথা জানায়।
শ্বশুরবাড়ির একটি কক্ষের তালা ভেঙে মেঘনার লাশ উদ্ধার করেছিল পুলিশ। সে সময় লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল।
ময়নাতদন্ত শেষে গত ৬ জানুয়ারি তাকে তার বাবার বাড়ির কবরস্থানে দাফন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৬৪৫ ঘ.
bdnews24