২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্য বিয়ে মানতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

বাল্য বিয়ে মেনে নিতে না পেরে মাগুরায় এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

মাগুরা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাল্য বিয়ে মেনে নিতে না পেরে মাগুরায় এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। বুধবার দুপুরে শহরের কাউন্সিলপাড়ায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শিখা পারভীন (১৫)। তার বড় ভাই মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, দুই বছর আগে শিখার মতের বিরুদ্ধে বাবা তাকে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার কন্দুরদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের (৩৫) সঙ্গে বিয়ে দেন। “বিয়ের পর থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। যে কারণে বিয়ের পর কখনো শ্বশুর বাড়িতেও যায়নি। স¤প্রতি তাকে আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়িতে তুলে নেওয়ার কথা চলছিল।” আসাদ জানান, বুধবার দুপুরে তাদের বাবা মোকাদ্দেস হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় শিখার। এর পরপরই শিখা নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, “বিয়ের বিষয়ে অমতের ঘটনা থাকতে পারে। তবে বাবার সঙ্গে অভিমান করেই শিখা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” লাশ ময়নাতদন্তের জন্যে মাগুরা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপঘাতে মৃত্যুর মামলা হয়েছে সদর থানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬০৩ ঘ.