সাভার, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে একটি তৈরি পোশাক কারখানার তিন শ্রমিককে পিটিয়ে আহত করায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- আমিনবাজার ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান, কনস্টেবল সুরুজ্জামান, মিরাজ হোসেন ও আবু সাঈদ।
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার আব্দুস সালাম বলেন, “চার পুলিশ সদস্যকে মিলব্যারাক পুুলিশ লাইনে ফিরিয়ে আনা হয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৮টার দিকে মিরপুর থেকে সাভার যাওয়ার পথে শ্রমিকবাহী একটি বাসকে আমিনবাজার বাসস্ট্যান্ডের কাছে পিছনে থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ নিয়ে দুই পক্ষে বাগবিতণ্ডার একপর্যায়ে ট্রাক শ্রমিকরা বাসের চাবি কেড়ে নিলে বাসযাত্রী শ্রমিকরা বাধা দেয়। এ সময় দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
অভিযুক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পিটুনিতে আহত শ্রমিক ইলিয়াছ হোসেন, মেঘলা ও মধুমালাকে স্থানীয় ল্যাব জোন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই হেমায়েতপুরের একেএইচ গ্র“পের শ্রমিক।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ সহকারী পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে প্রাথমিক তদন্ত করে পুলিশ সুপারের নির্দেশে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।
একেএইচ গ্র“পের উপ-মহাব্যবস্থাপক ফরিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ইচ্ছে করেই তিন শ্রমিককে পিটিয়ে আহত করেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫২০ ঘ.
bdnews24