কক্সবাজার, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে একদল সন্ত্রাসীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের একজন উপ-পরিদর্শক নিহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্যের নাম পরেশ বড়–য়া। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
মহেশখালী থানার ওসি রনজিত বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হোয়ানক ইউনিয়নের কালাগাজি গ্রামে স্থানীয় সন্ত্রাসী দল জালাল বাহিনী ও জোনাব আলী বাহিনীর সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হন পরেশ।
মহেশখালী উপজেলা হাসপাতালে পাঠানোর পর সকাল সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।
এই ঘটনার পর কালাগাজি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়ি-ঘর হয়ে পড়েছে পুরুষশূণ্য।
ওসি রনজিত জানান, গত বছরের ২৭ ডিসেম্বর এলাকায় এক নারীকে হত্যার পর জোনাব আলীকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরেশ বড়–য়া ছিলেন সেই মামলার তদন্ত কর্মকর্তা।
পুলিশ ও র্যাব সকাল ৬টায় ওই হত্যা মামলার আসামিদের ধরতে কালাগাজী গ্রামে অভিযান চালায়। সকাল সাড়ে ৮টায় র্যাবের তাড়া খেয়ে জালাল ও জোনাব বাহিনীর সদস্যরা পুলিশের সামনে পড়ে যায়। তখনি শুরু হয় দুই পক্ষের বন্দুকযুদ্ধ।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
হোয়ানক এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩৫) ও হোবায়েতুর রহমান (২৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোনাব-জালাল দুই বাহিনীর সদস্যরাই পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়। গ্রামবাসী অন্তত ৫০ রাউন্ড গুলির শব্দ শুনেছে।
হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান এনামুল করিম বলেন, “দুুই বাহিনীর সন্ত্রাসীরা এলাকাবাসীকে অতিষ্ট করে তুলেছে।”
কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত পরেশ বড়–য়ার লাশ মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১২৫ ঘ.
bdnews24